ভোটার তালিকায় ‘বিচারাধীন’ তকমা, বাদুড়িয়ায় আতঙ্কে যুবকের আত্মহত্যা

উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ায় ভোটার তালিকা ঘিরে তৈরি হওয়া আতঙ্কে ইসমাইল মোল্লা (৩৬) নামে এক যুবকের আত্মহত্যার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। বৃহস্পতিবার সকালে পশ্চিম নাটুরিয়া এলাকার নিজ বাড়ি থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। অভিযোগ, প্রথম পর্যায়ের চূড়ান্ত ভোটার তালিকায় ইসমাইলের নামের পাশে ‘বিচারাধীন’ তকমা থাকায় তিনি গত কয়েক দিন ধরে চরম মানসিক উদ্বেগের মধ্যে ছিলেন।
পরিবার সূত্রে জানা গিয়েছে, প্রয়োজনীয় নথি জমা দিলেও তালিকায় তাঁর নাম নিয়ে অনিশ্চয়তা কাটেনি। শুক্রবার অতিরিক্ত তালিকা প্রকাশের খবরে ইসমাইলের দুশ্চিন্তা আরও বৃদ্ধি পায়। দুই নাবালক সন্তানকে আদর করার পর তিনি নিজ ঘরে ঢুকে আত্মঘাতী হন। পরিবারের দাবি, আইনি জটিলতা ও ভোটার তালিকা থেকে বাদ পড়ার আশঙ্কায় তিনি এই চরম পথ বেছে নিয়েছেন।
এই মর্মান্তিক ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এই মৃত্যু ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়া ঘিরে সাধারণ মানুষের হয়রানি ও দীর্ঘসূত্রতা নিয়ে নতুন করে প্রশাসনিক স্তরে প্রশ্ন তুলে দিয়েছে। তথ্য সংশোধনের নামে সাধারণ মানুষের মধ্যে তৈরি হওয়া সংশয় নিরসনে প্রশাসনের ব্যর্থতা নিয়ে জনমনে ক্ষোভ বাড়ছে।