শ্যামপুকুর আসন নিয়ে বামফ্রন্টে শরিকি বিবাদ, সিপিএমকে ‘রক্তাক্ত অতীত’ মনে করাল ফরোয়ার্ড ব্লক

২০২৬ বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকা ঘিরে বামফ্রন্টের অন্দরে শরিকি বিবাদ চরমে উঠেছে। উত্তর কলকাতার শ্যামপুকুর আসনটি নিয়ে সিপিএম ও ফরোয়ার্ড ব্লকের মধ্যে তীব্র মতপার্থক্য তৈরি হয়। সূত্রের খবর, এই আসনের দাবি আদায়ে ফরোয়ার্ড ব্লকের রাজ্য সম্পাদক নরেন চট্টোপাধ্যায় সাতের দশকের নেতা হেমন্ত বসুর হত্যাকাণ্ডের প্রসঙ্গ টেনে আনেন। সেই ঐতিহাসিক ও আবেগঘন ‘রক্তাক্ত অতীত’ মনে করিয়ে দিয়েই শেষ পর্যন্ত আসনটি নিজেদের দখলে রাখতে সক্ষম হয়েছে ফরোয়ার্ড ব্লক।
আসন সমঝোতা নিয়ে আলোচনায় সিপিএম রাজ্য সম্পাদক মহঃ সেলিম কলকাতার এই আসনটি ছাড়তে রাজি ছিলেন না। ফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুর সঙ্গে নরেন চট্টোপাধ্যায়ের এ নিয়ে বাগবিতণ্ডাও হয়। ফরোয়ার্ড ব্লকের দাবি ছিল মোট ২৫টি আসন, যার মধ্যে ২২টি ইতিমধ্যেই ছেড়ে দেওয়া হয়েছে। তবে শ্যামপুকুর নিয়ে জটিলতা ছিল সর্বাধিক। শেষ পর্যন্ত পুরনো সংঘাতের ইতিহাস সামনে আসায় পিছু হটে সিপিএম নেতৃত্ব এবং আসনটি শরিক দলকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়।
শ্যামপুকুর আসনটি মহিলা সংরক্ষিত হওয়ায় ফরোয়ার্ড ব্লক এখান থেকে ঝুমা দাসকে প্রার্থী হিসেবে মনোনীত করেছে। উল্লেখ্য, বৃহস্পতিবার আলিমুদ্দিন থেকে দ্বিতীয় দফার প্রার্থী তালিকা ঘোষণার সময় বিমান বসু বা নরেন চট্টোপাধ্যায়— কাউকেই উপস্থিত থাকতে দেখা যায়নি। দীর্ঘ টানাপড়েনের পর শ্যামপুকুর জট কাটলেও, ভোটের আগে ফ্রন্টের অভ্যন্তরীণ এই ফাটল ও পুরনো তিক্ততা প্রকাশ্যে আসায় রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে।