ইরানে চূড়ান্ত হামলার হুঁশিয়ারি আমেরিকার, মধ্যপ্রাচ্যে যুদ্ধের ১৯তম দিনে চরম উত্তেজনা

গত ১৯ দিন ধরে চলা মধ্যপ্রাচ্যের রক্তক্ষয়ী সংঘর্ষের আবহে ইরানে সবচেয়ে বড় হামলার হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ। বুধবার রাতে কাতার ও সৌদি আরবের তেল শোধনাগারে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পালটা হিসেবে এই পদক্ষেপের ইঙ্গিত দিয়েছে ওয়াশিংটন। হেগসেথ স্পষ্ট জানিয়েছেন, বৃহস্পতিবারই ইরানের ওপর এ যাবৎকালের বৃহত্তম আক্রমণ শানানো হতে পারে, যার লক্ষ্য হবে যুদ্ধ জয় এবং জ্বালানি সংকট মোকাবিলা করা।
গত ২৮ ফেব্রুয়ারি থেকে আমেরিকা ও ইজরায়েলের যৌথ অভিযানে ইরানের শীর্ষ নেতৃত্ব কার্যত নিশ্চিহ্ন হলেও তেহরান পিছু হটতে নারাজ। ইরানের হামলায় মধ্যপ্রাচ্যের একাধিক দেশ ও মার্কিন সেনাঘাঁটি ক্ষতিগ্রস্ত হওয়ায় পরিস্থিতি জটিল হয়ে উঠেছে। মার্কিন প্রতিরক্ষা সচিবের দাবি, ইরানের এয়ার ডিফেন্স সিস্টেম ইতিমধ্যে ধ্বংস করা হয়েছে এবং খার্গ দ্বীপে অভিযানের পর আমেরিকার জয় এখন সময়ের অপেক্ষা মাত্র।
বিশ্বজুড়ে ক্রমবর্ধমান জ্বালানি সংকটের মধ্যেই এই সংঘাত এক চরম পর্যায়ে পৌঁছেছে। ওয়াশিংটনের দাবি অনুযায়ী, নিজেদের শর্তেই এই যুদ্ধ শেষ করতে বদ্ধপরিকর আমেরিকা। তবে মার্কিন এই চরম হুঁশিয়ারির পর ইরান ফের কোনো পালটা আক্রমণ চালায় কি না, তা নিয়ে আন্তর্জাতিক মহলে প্রবল উদ্বেগ সৃষ্টি হয়েছে। ১৯ দিনের এই দীর্ঘ লড়াইয়ের পরিণতি আজই নির্ধারিত হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।