চেক বাউন্স মানেই প্রতারণা নয়, ঐতিহাসিক রায় সুপ্রিম কোর্টের

পোস্ট-ডেটেড চেক বাউন্স করলেই তাকে ‘প্রতারণা’ বলা যাবে না বলে এক যুগান্তকারী রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। বিচারপতি পামিডিঘান্তম শ্রী নরসিমহা ও বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চ স্পষ্ট জানিয়েছে, শুধুমাত্র চেক বাউন্স হওয়া থেকে কারো ‘অসৎ উদ্দেশ্য’ বা প্রতারণার ইচ্ছা প্রমাণ করা সম্ভব নয়। শীর্ষ আদালতের মতে, প্রতারণার অভিযোগ প্রমাণের জন্য লেনদেনের শুরুতেই জালিয়াতির অভিসন্ধি থাকা আবশ্যিক।
ঘটনাটি একটি চলচ্চিত্র প্রযোজনা সংক্রান্ত আর্থিক লেনদেনকে কেন্দ্র করে। অভিযুক্ত ব্যক্তি নির্দিষ্ট লভ্যাংশের প্রতিশ্রুতি দিয়ে বিনিয়োগ নিলেও সিনেমাটি ব্যবসায়িকভাবে ব্যর্থ হয়। পরবর্তীতে টাকা ফেরত দিতে দেওয়া চেকগুলো পর্যাপ্ত অর্থের অভাবে বাউন্স করলে মামলাটি আদালত পর্যন্ত গড়ায়। মাদ্রাজ হাইকোর্ট বিষয়টিকে প্রতারণা হিসেবে গণ্য করলেও সুপ্রিম কোর্ট সেই নির্দেশ খারিজ করে দিয়ে অভিযুক্তকে বড় স্বস্তি দিয়েছে।
শীর্ষ আদালত পর্যবেক্ষণ করেছে যে, ব্যবসায়িক ব্যর্থতা বা চুক্তিভঙ্গ মানেই ফৌজদারি অপরাধ নয়। চেক বাউন্সের ক্ষেত্রে ‘নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস অ্যাক্ট’-এর ১৩৮ ধারায় ব্যবস্থা নেওয়া গেলেও, উপযুক্ত প্রমাণ ছাড়া ভারতীয় দণ্ডবিধির ৪২০ ধারায় প্রতারণার মামলা চালানো আইনের অপব্যবহার। আদালত জানায়, এটি মূলত একটি বাণিজ্যিক লেনদেনের বিরোধ, যা দেওয়ানি বিষয়ের আওতাভুক্ত।