সল্টলেকে গাড়ির ডিকি থেকে ২৫ লক্ষ টাকা উদ্ধার, নাকা চেকিংয়ে আটক চালক

নির্বাচনের মুখে রাজ্যজুড়ে নিরাপত্তা জোরদার করার অংশ হিসেবে ইকো পার্ক থানা এলাকায় বড়সড় সাফল্য পেল পুলিশ। শুক্রবার ভোরে সিটিসেন্টার-২ সংলগ্ন এলাকায় নাকা চেকিং চলাকালীন একটি সন্দেহভাজন গাড়িকে আটকানো হয়। তল্লাশি চালিয়ে গাড়ির ডিকিতে কম্বলের নিচে লুকিয়ে রাখা থরে থরে সাজানো নোটের বান্ডিল উদ্ধার করেন তদন্তকারীরা। পুলিশি সূত্রে খবর, বাজেয়াপ্ত হওয়া অর্থের পরিমাণ প্রায় ২৫ লক্ষ টাকা।
এই ঘটনায় গাড়ির চালক ঠাকুর সুরজি অভেসাংকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়েছে। পুলিশ জানিয়েছে, বিপুল পরিমাণ এই অর্থের উৎস সম্পর্কে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি এবং বৈধ কোনো কাগজপত্র দেখাতেও ব্যর্থ হয়েছেন। উদ্ধার হওয়া টাকা কোথা থেকে আসছিল এবং এর গন্তব্য কোথায় ছিল, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে।
অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যে নির্বাচন কমিশনের নির্দেশে প্রতিটি থানা এলাকায় কড়া নজরদারি ও নিয়মিত নাকা চেকিং চলছে। বহিরাগত অস্ত্র বা কালো টাকার অনুপ্রবেশ রুখতে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী বর্তমানে অত্যন্ত সক্রিয়। সেই ধারাবাহিক তল্লাশিতেই কলকাতার উপকণ্ঠে এই বিপুল পরিমাণ অর্থ উদ্ধার হলো, যা বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।