নির্বাচন কমিশনের বদলি কৌশলের বিরুদ্ধে হাইকোর্টে তৃণমূল, জননিরাপত্তা নিয়ে উদ্বেগ

রাজ্যে ভোটের নির্ঘণ্ট প্রকাশের পর ৪৩ জন আমলা ও পুলিশ আধিকারিককে বদলির নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। এই সিদ্ধান্তের ফলে প্রশাসনিক কাজে স্থবিরতা এবং দুর্যোগ মোকাবিলা ব্যাহত হওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই মর্মে তিনি মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে চিঠি পাঠিয়ে প্রতিবাদ জানিয়েছেন।
কমিশনের এই পদক্ষেপের বিরুদ্ধে এবার কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছেন আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আবেদনে জানানো হয়েছে, প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকদের অন্য রাজ্যে পাঠানোর এক্তিয়ার কমিশনের নেই এবং এতে আইনশৃঙ্খলার অবনতি হতে পারে। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ মামলা দায়েরের অনুমতি দিয়েছে এবং আগামী সোমবার এই মামলার শুনানি হওয়ার কথা রয়েছে।
গত ৭২ ঘণ্টায় ১৫ জন গুরুত্বপূর্ণ পুলিশকর্তাকে ভিন রাজ্যে অবজ়ার্ভার হিসেবে পাঠানোর নির্দেশ ও পরবর্তীতে তা প্রত্যাহারের ঘটনায় রাজ্যজুড়ে বিভ্রান্তি ছড়িয়েছে। সংশ্লিষ্ট মহলের মতে, গুরুত্বপূর্ণ পদমর্যাদার আধিকারিকদের হঠাৎ সরিয়ে দেওয়ায় জননিরাপত্তা ও প্রশাসনিক শৃঙ্খলা সংকটের মুখে পড়েছে। কমিশনের এই পদক্ষেপকে ‘প্রতিহিংসাপরায়ণ’ বলে দাবি করে স্থগিতাদেশ চাইছে তৃণমূল।