কেন থামছে না বিশ্বজুড়ে যুদ্ধ? নাগপুরে বিস্ফোরক মোহন ভাগবত

শান্তি ফেরাতে মরিয়া বিশ্ব কি ভারতের দিকেই তাকিয়ে? আরএসএস প্রধান মোহন ভাগবতের গলায় এক নতুন সুর শোনা গেল। নাগপুরে বিশ্ব হিন্দু পরিষদের এক অনুষ্ঠানে তিনি দাবি করেন, গত ২০০০ বছর ধরে নানা চেষ্টা চললেও স্বার্থপরতা এবং আধিপত্য বিস্তারের লড়াইয়ের কারণেই পৃথিবীতে সংঘাত কমছে না।
সংঘাতের মূল কারণ ব্যাখ্যা করতে গিয়ে ভাগবত জানান, ধর্মীয় অসহিষ্ণুতা এবং বলপূর্বক ধর্মান্তকরণের মতো মানসিকতা আজও সমাজকে কুড়ে কুড়ে খাচ্ছে। আধুনিক বিজ্ঞানও এখন স্বীকার করছে যে সবাই এক সূত্রে বাঁধা, যা ভারতের প্রাচীন জ্ঞান বহু আগেই শিখিয়েছে। তাঁর মতে, গোটা বিশ্ব যখন ‘জোর যার মুলুক তার’ তত্ত্বে বিশ্বাসী, ভারত তখন মানবতার পথ দেখায়। টলমল করতে থাকা পৃথিবীকে ধর্মের ভিত্তিতে ভারসাম্য ফিরিয়ে দেওয়া এখন ভারতেরই দায়িত্ব।
শাস্ত্রে নয়, ধর্মকে মানুষের আচরণে প্রতিফলিত করার ডাক দিয়ে তিনি বলেন, একমাত্র ঐক্য এবং শৃঙ্খলাই পারে স্থায়ী শান্তি আনতে। সারা বিশ্ব এখন বিশ্বাস করতে শুরু করেছে যে এই রক্তক্ষয়ী যুদ্ধগুলো বন্ধ করার ক্ষমতা একমাত্র ভারতেরই আছে।