২২ লক্ষ ভোটারের তালিকায় মমতার শঙ্কার মেঘ! কমিশনের বিরুদ্ধে বিস্ফোরক ষড়যন্ত্রের অভিযোগ

বিধানসভা নির্বাচনের প্রাক্কালে ভোটার তালিকা সংশোধন ও আমলা বদলি নিয়ে বেনজির সংঘাতে জড়াল নবান্ন ও নির্বাচন কমিশন। শুক্রবার দলের ইস্তাহার প্রকাশ অনুষ্ঠান থেকে মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি অভিযোগ করেন, রাজ্যে কার্যত ‘অঘোষিত রাষ্ট্রপতি শাসন’ চলছে। বিশেষ সম্প্রদায়সহ মতুয়া ও রাজবংশীদের নাম ভোটার তালিকা থেকে ছেঁটে ফেলার নেপথ্যে গভীর চক্রান্ত রয়েছে বলে দাবি করেন মুখ্যমন্ত্রী।
মমতার বিস্ফোরক দাবি, প্রায় ৬০ লক্ষ ‘বিবেচনাধীন’ ভোটারের মধ্যে যে ২২ লক্ষ নামের নিষ্পত্তি হয়েছে, তার মধ্যে ১০ লক্ষ নামই বাদ দেওয়ার পরিকল্পনা চলছে। বিশেষত মালদহ, মুর্শিদাবাদ ও দুই দিনাজপুরে এই প্রক্রিয়া তীব্রতর হচ্ছে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন। একইসঙ্গে জনপরিষেবা মূলক দফতরের সচিবদের ভিনরাজ্যে পর্যবেক্ষক হিসেবে পাঠিয়ে রাজ্যের উন্নয়ন স্তব্ধ করে দেওয়ার জন্য মোদী সরকারকে কাঠগড়ায় তোলেন তিনি। রেশন বা রাস্তাঘাটের সমস্যায় ভবিষ্যতে কোনও বিপর্যয় ঘটলে তার দায় বিজেপি ও কমিশনকেই নিতে হবে বলে হুঁশিয়ারি দেন মমতা।
পাল্টা আক্রমণে বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য দাবি করেন, নির্বাচনে হারের আঁচ পেয়েই মুখ্যমন্ত্রী এখন ‘শহিদ’ সাজার চেষ্টা করছেন। উত্তরবঙ্গ নিয়ে বিভাজনের রাজনীতির যে অভিযোগ মমতা তুলেছেন, তাকেও ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে গেরুয়া শিবির। ডিলিমিটেশন ও এনআরসি-র জুজু দেখিয়ে মমতা মানুষকে বিভ্রান্ত করছেন বলেও পালটা তোপ দেগেছে বিজেপি।