ভোটার তালিকা থেকে বাদ যাচ্ছে ১০ লক্ষ নাম? বিস্ফোরক দাবি মমতার

রাজ্যের নির্বাচনি আবহে এক চাঞ্চল্যকর তথ্য সামনে আনলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার তৃণমূলের ইস্তাহার প্রকাশের কর্মসূচি থেকে তিনি অভিযোগ করেন, রাজ্যে ‘বিবেচনাধীন’ ভোটারদের তালিকার নিষ্পত্তি করতে গিয়ে প্রায় ১০ লক্ষ নাম বাদ দেওয়ার পরিকল্পনা চলছে। মুখ্যমন্ত্রীর দাবি অনুযায়ী, এই তালিকায় হিন্দু, মতুয়া, রাজবংশী থেকে শুরু করে একটি বিশেষ সম্প্রদায়ের মানুষের সংখ্যাই বেশি। মালদহ, মুর্শিদাবাদ ও দুই দিনাজপুরের ভোটারদের ভাগ্য নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন তিনি।
মুখ্যমন্ত্রী আরও অভিযোগ করেন যে, বর্তমানে রাজ্যে অঘোষিত ‘রাষ্ট্রপতি শাসন’ চলছে। তাঁর মতে, যেভাবে অভিজ্ঞ আমলা ও পুলিশ আধিকারিকদের ভিনরাজ্যে বদলি করা হচ্ছে, তাতে রাজ্যের প্রশাসনিক কাঠামো ভেঙে পড়তে পারে। খাদ্য ও পঞ্চায়েত দফতরের সচিবদের সরিয়ে দেওয়ায় জনপরিষেবা এবং উন্নয়নের কাজ ব্যাহত হওয়ার আশঙ্কা করছেন তিনি। মমতার ভাষায়, “মোদীজিকে বাংলায় রাষ্ট্রপতি শাসন জারি করে নির্বাচন করাতে হচ্ছে, বাংলার মানুষকে এত ভয়!”
পাল্টা আক্রমণে নেমেছে বিজেপিও। রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য বলেন, মুখ্যমন্ত্রী হার নিশ্চিত জেনে এখন ‘শহিদ’ হওয়ার চেষ্টা করছেন। ৩৫৬ ধারা জারি করে সরকার ফেলে দেওয়ার সংস্কৃতি বিজেপির ডিএনএ-তে নেই বলেও তিনি দাবি করেন। সব মিলিয়ে ভোটার তালিকা সংশোধন ও আধিকারিকদের বদলি নিয়ে বর্তমানে তুঙ্গে রাজ্যের রাজনৈতিক তরজা।