নতুন ফোনে আধার অ্যাপ বাধ্যতামূলক করার প্রস্তাব কেন্দ্রের, তীব্র আপত্তি অ্যাপল-গুগলের

ভারতে বিক্রি হওয়া প্রতিটি নতুন স্মার্টফোনে আগে থেকেই আধার অ্যাপ (mAadhaar) ইনস্টল রাখার প্রস্তাব দিয়েছে কেন্দ্রীয় সরকার। ইউআইডিএআই (UIDAI) আইটি মন্ত্রকের মাধ্যমে স্মার্টফোন নির্মাতাদের সঙ্গে এই বিষয়ে আলোচনা শুরু করেছে। সরকারের যুক্তি, ফোনে অ্যাপটি আগে থেকে থাকলে সাধারণ মানুষ সহজেই বায়োমেট্রিক লক বা তথ্য আপডেটের মতো পরিষেবাগুলো ব্যবহার করতে পারবেন। বর্তমানে দেশের প্রায় ১৩৪ কোটি মানুষের আধার কার্ড রয়েছে, যা বিভিন্ন জরুরি পরিষেবায় ব্যবহৃত হয়।
তবে এই প্রস্তাবের কড়া বিরোধিতা করেছে অ্যাপল, স্যামসাং ও গুগলের মতো বড় প্রযুক্তি সংস্থাগুলি। স্মার্টফোন নির্মাতাদের সংগঠন ‘MAIT’ জানিয়েছে, ভারতের জন্য আলাদাভাবে অ্যাপ ইনস্টল করার প্রক্রিয়াটি প্রযুক্তিগত ও লজিস্টিক জটিলতা তৈরি করবে। এছাড়া ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা এবং ডেটা সুরক্ষা নিয়েও গভীর উদ্বেগ প্রকাশ করেছে সংস্থাগুলো। বিশেষ সফটওয়্যার কনফিগারেশন উৎপাদনের খরচ ও সময় বাড়িয়ে দিতে পারে বলেও তারা আশঙ্কা করছে।
এর আগেও ‘সঞ্চার সাথী’ অ্যাপ বাধ্যতামূলক করার পরিকল্পনা করা হলেও নির্মাতাদের আপত্তির মুখে তা কার্যকর হয়নি। আধারের ক্ষেত্রেও বিষয়টি এখন পর্যন্ত প্রস্তাব ও আলোচনার স্তরেই সীমাবদ্ধ রয়েছে। ফোন কো ম্পা নিগুলোর দাবি, ঘড়ি বা ক্যালকুলেটরের মতো সিস্টেম অ্যাপের তালিকায় আধার অ্যাপ অন্তর্ভুক্ত করা ব্যবহারকারীর পছন্দের অধিকারে হস্তক্ষেপ করতে পারে। আপাতত সুরক্ষা ও উৎপাদন সংক্রান্ত প্রতিকূলতার কারণে এই সিদ্ধান্ত নিয়ে বড়সড় দড়ি টানাটানি শুরু হয়েছে।