সামান্য জ্বর নিয়ে হাসপাতালে গিয়েই চক্ষু চড়কগাছ চেন্নাইয়ের এই ব্যক্তির! বিলের অঙ্ক শুনলে আপনারও মাথা ঘুরে যাবে

সামান্য জ্বর আর সর্দি নিয়ে চেন্নাইয়ের এক বেসরকারি হাসপাতালে গিয়েছিলেন প্রশান্ত রঙ্গস্বামী নামের এক ব্যক্তি। কিন্তু চিকিৎসার পর হাসপাতালের ধরিয়ে দেওয়া বিলের কাগজ দেখে নিজের চোখকেও বিশ্বাস করতে পারছিলেন না তিনি। সামান্য প্রাথমিক চিকিৎসার খরচ যে ১০ হাজার টাকায় গিয়ে ঠেকবে, তা ছিল তাঁর কল্পনার অতীত।
সোশ্যাল মিডিয়ায় নিজের এই তিক্ত অভিজ্ঞতার কথা শেয়ার করতেই তা বিদ্যুৎ গতিতে ভাইরাল হয়ে যায়। প্রশান্ত জানান, গত ১৭ মার্চ তিনি চেন্নাইয়ের ওই নামী বেসরকারি হাসপাতালে যান। সেখানে চিকিৎসকের পরামর্শ মতো কিছু সাধারণ পরীক্ষা-নিরীক্ষা এবং সোয়াব টেস্ট করা হয়। শেষে যখন বিল মেটানোর সময় এল, তখন দেখা যায় মোট অঙ্ক দাঁড়িয়েছে ৯,৯০০ টাকা। এর মধ্যে ৯০০ টাকার ওষুধও ছিল।
বিলের বহর দেখে ক্ষোভ উগরে দিয়ে প্রশান্ত জানান, সাধারণ স্বাস্থ্য পরীক্ষার জন্য এত বিশাল অঙ্কের টাকা নেওয়া একেবারেই অযৌক্তিক। তাঁর মতে, হাসপাতালের চিকিৎসার মান ছিল অত্যন্ত সাধারণ, যা এই চড়া বিলের সঙ্গে কোনোভাবেই সামঞ্জস্যপূর্ণ নয়।
প্রশান্তের এই পোস্ট ঘিরে নেটপাড়ায় শোরগোল পড়ে গেছে। সাধারণ মানুষের বড় অংশই তাঁর সঙ্গে একমত পোষণ করেছেন। অনেকের অভিযোগ, বেসরকারি হাসপাতালগুলি প্রায়ই অপ্রয়োজনীয় পরীক্ষা করিয়ে বিলের বোঝা বাড়িয়ে দেয়। তবে পালটা যুক্তিও দিয়েছেন কেউ কেউ। তাঁদের মতে, নামী বেসরকারি হাসপাতালে দ্রুত এবং উন্নত পরিষেবা পাওয়ার জন্য খরচ একটু বেশি হওয়া স্বাভাবিক।
বিষয়টি নিয়ে বিতর্ক দানা বাঁধতেই মুখ খুলেছে সংশ্লিষ্ট হাসপাতাল কর্তৃপক্ষ। প্রশান্তের পোস্টে পালটা মন্তব্য করে তারা জানিয়েছে, বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনার জন্য প্রশান্তের সঙ্গে যোগাযোগ করতে চায় তাদের একটি বিশেষ টিম। এই ঘটনা চিকিৎসা পরিষেবার খরচ ও স্বচ্ছতা নিয়ে নতুন করে প্রশ্ন তুলে দিল।