নির্বাচন কমিশনার নিয়োগ নিয়ে বড় মোড়! কেন শুনানি করতে চাইলেন না প্রধান বিচারপতি সূর্যকান্ত

নির্বাচন কমিশনার নিয়োগ নিয়ে বড় মোড়! কেন শুনানি করতে চাইলেন না প্রধান বিচারপতি সূর্যকান্ত

কলকাতা (নিউজ ডেস্ক): মুখ্য নির্বাচন কমিশনার ও কমিশনারদের নিয়োগ সংক্রান্ত বিতর্কিত আইন নিয়ে দায়ের হওয়া মামলার শুনানি থেকে সরে দাঁড়ালেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত। শুক্রবার বিচারপতি জয়মাল্য বাগচী ও বিচারপতি ভিএম পাঞ্চালির ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হওয়ার কথা থাকলেও, প্রধান বিচারপতি সাফ জানিয়ে দেন যে তিনি এই মামলার অংশ হতে চান না।

ঘটনার সূত্রপাত ২০২৩ সালে মোদী সরকারের পাশ করা একটি আইনকে কেন্দ্র করে। নয়া আইনে বলা হয়েছে, প্রধানমন্ত্রী, তাঁর মনোনীত একজন কেন্দ্রীয় মন্ত্রী এবং লোকসভার বিরোধী দলনেতাকে নিয়ে গঠিত একটি সার্চ কমিটিই নির্বাচন কমিশনারদের নাম চূড়ান্ত করবে। এর আগে ২০২২ সালে তৎকালীন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন বেঞ্চ নির্দেশ দিয়েছিল যে, এই নিয়োগ কমিটিতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকেও রাখতে হবে। কিন্তু সেই রায়কে কার্যত পাশ কাটিয়ে নতুন আইন আনে কেন্দ্র, যেখানে প্রধান বিচারপতিকে বাদ দেওয়া হয়।

এই আইনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টে শতাধিক জনস্বার্থ মামলা দায়ের হয়। এদিন মামলার শুনানিতে প্রধান বিচারপতি সূর্যকান্ত এক অত্যন্ত তাৎপর্যপূর্ণ যুক্তি দেন। তিনি জানান, যেহেতু এই মামলার অন্যতম মূল বিষয় হলো নিয়োগ প্রক্রিয়া থেকে ‘প্রধান বিচারপতি’ পদটিকে বাদ দেওয়া, তাই নৈতিকতার খাতিরে তাঁর এই মামলার বিচার করা উচিত নয়। একে ‘কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট’ বা স্বার্থের সংঘাত হিসেবে অভিহিত করেছেন তিনি।

প্রধান বিচারপতি আরও স্পষ্ট করে বলেন, এই মামলার শুনানি এমন বিচারপতিদের করা উচিত যাদের ভবিষ্যতে প্রধান বিচারপতি হওয়ার সম্ভাবনা নেই। আইনজীবী প্রশান্ত ভূষণও প্রধান বিচারপতির এই যুক্তিকে সমর্থন জানিয়েছেন। আপাতত ঠিক হয়েছে, আগামী ৭ এপ্রিল অন্য কোনো ডিভিশন বেঞ্চে এই চাঞ্চল্যকর মামলার শুনানি হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *