১ এপ্রিল থেকেই পকেটে টান নাকি বড় স্বস্তি? নতুন আয়কর বিধিতে আমূল বদল

১ এপ্রিল থেকেই পকেটে টান নাকি বড় স্বস্তি? নতুন আয়কর বিধিতে আমূল বদল

১ এপ্রিল থেকে বদলে যাচ্ছে ইনকাম ট্যাক্স ফাইল করার পুরো পদ্ধতি। ভারত সরকারের অর্থ মন্ত্রক ২০২৬ সালের নতুন আয়কর বিধির খসড়া প্রকাশ করেছে। যদিও করের স্ল্যাবে কোনো বড় পরিবর্তন আসেনি, তবে সাধারণ মধ্যবিত্ত এবং চাকরিজীবীদের জন্য একগুচ্ছ সুখবর রয়েছে এই নতুন নিয়মে।

ট্যাক্স ফাইলিংয়ের সময়সীমায় বড় পরিবর্তন

অডিট প্রয়োজন নেই এমন করদাতাদের জন্য আইটিআর-৩ এবং আইটিআর-৪ জমা দেওয়ার শেষ তারিখ বাড়িয়ে ৩১ আগস্ট করা হয়েছে। তবে আইটিআর-১ এবং আইটিআর-২ জমা দেওয়ার ডেডলাইন আগের মতোই ৩১ জুলাই থাকছে।

জটিলতা কমিয়ে সহজ কর ব্যবস্থা

নতুন বিধিতে কর ব্যবস্থাকে সাধারণ মানুষের কাছে আরও সহজবোধ্য করার চেষ্টা করা হয়েছে। ৩৯৯টি ট্যাক্স রুল কমিয়ে এখন মাত্র ১৯০টি করা হয়েছে। ফর্মের সংখ্যাও ৫১১ থেকে কমিয়ে ৩৩৩-এ নামিয়ে আনা হয়েছে। সহজ ভাষা এবং অটো-ফিলড ডেটার মাধ্যমে এখন ট্যাক্স ফাইল করা হবে আরও দ্রুত।

মধ্যবিত্তের জন্য ৫টি বড় উপহার

১. খাবারের কার্ডে বাম্পার ছাড়: আগে মিল কার্ডে মাত্র ৫০ টাকা পর্যন্ত করমুক্ত সুবিধা পাওয়া যেত। নতুন নিয়মে পুরনো কর কাঠামোয় এই সীমা বাড়িয়ে ২০০ টাকা করা হয়েছে।

২. শিশুদের শিক্ষায় বিপুল সুবিধা: চিলড্রেন এডুকেশন অ্যালাউন্স মাসে ১০০ টাকা থেকে বাড়িয়ে ৩,০০০ টাকা করা হয়েছে। হোস্টেল ভাতার ক্ষেত্রেও ৩০০ টাকার পরিবর্তে এখন মাসে ৯,০০০ টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাবে।

৩. মেট্রো সিটির তালিকায় নতুন শহর: আহমেদাবাদ, বেঙ্গালুরু, হায়দরাবাদ ও পুনে এখন মেট্রো শহরের মর্যাদা পাওয়ায় এখানকার বাসিন্দারা ৫০ শতাংশ এইচআরএ (HRA) ছাড়ের সুবিধা পাবেন।

৪. উপহারেও মিলবে ছাড়: বছরে ১৫,০০০ টাকা পর্যন্ত কর্পোরেট গিফট কার্ড বা কুপন এখন সম্পূর্ণ করমুক্ত।

৫. পরিবহন কর্মীদের পোয়াবারো: ট্রান্সপোর্ট সেক্টরে কর্মরতদের জন্য করমুক্ত ভাতার সীমা ১০,০০০ থেকে বাড়িয়ে ২৫,০০০ টাকা করা হয়েছে।

অফিসের গাড়ি ও ঋণের নিয়মে বদল

অফিসের গাড়ি ব্যক্তিগত কাজে ব্যবহারের ক্ষেত্রে ইঞ্জিনের ক্ষমতা অনুযায়ী মাসিক নির্দিষ্ট কর ধার্য করা হয়েছে। পাশাপাশি, চিকিৎসা বা ২ লক্ষ টাকার নিচে নেওয়া ঋণের ক্ষেত্রে কোনো কর দিতে হবে না। সব মিলিয়ে আগামী ১ এপ্রিল থেকে আয়কর জমা দেওয়ার প্রক্রিয়া যেমন সহজ হচ্ছে, তেমনই একাধিক ক্ষেত্রে ছাড়ের সীমা বাড়ায় সাধারণ করদাতার হাতে বাড়তি টাকা জমার সুযোগ তৈরি হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *