নির্বাচনী প্রচারে ব্যস্ততা তুঙ্গে, ছোটপর্দা থেকে সাময়িক বিরতি নিচ্ছেন বিধায়ক লাভলি মৈত্র

আসন্ন ২০২৬ বিধানসভা নির্বাচনে সোনারপুর দক্ষিণ কেন্দ্র থেকে পুনরায় শাসক দলের প্রার্থী হয়েছেন অভিনেত্রী ও বিধায়ক লাভলি মৈত্র। গত নির্বাচনে এই কেন্দ্র থেকেই জয়লাভ করেছিলেন তিনি। এবারও দল তাঁর ওপর আস্থা রাখায় কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তারকা প্রার্থী। তবে ভোটের ময়দানে পূর্ণ সময় দেওয়ার লক্ষ্যে নিজের পেশাদার অভিনয় জীবন নিয়ে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
বর্তমানে লাভলি মৈত্র একটি জনপ্রিয় মেগা ধারাবাহিকের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন। ধারাবাহিকের গল্প তাঁকে কেন্দ্র করে আবর্তিত হওয়ায় কাজের চাপও যথেষ্ট। কিন্তু নির্বাচনের প্রচার শুরু হওয়ায় এবং জনপ্রতিনিধি হিসেবে বাড়তি দায়িত্ব থাকায় দুটি ক্ষেত্র একসঙ্গে সামলানো কঠিন হয়ে পড়ছে। প্রার্থীদের ব্যস্ততা ও সময়ের চাহিদার কথা মাথায় রেখেই তিনি আপাতত শুটিং থেকে দূরে থাকার কথা জানিয়েছেন।
অভিনেত্রী স্পষ্ট করেছেন যে, নির্বাচনের এই চরম ব্যস্ততার মধ্যে অভিনয় চালিয়ে যাওয়া সম্ভব নয়। তাই কিছুদিনের জন্য ছোটপর্দা থেকে বিরতি নিচ্ছেন তিনি। লাভলি জানান, নির্বাচনের সময় প্রচণ্ড চাপের কারণে বর্তমানে ব্যালেন্স করা আসাম্ভব। তবে ভোট মিটে গেলে পরিস্থিতি বুঝে পুনরায় অভিনয়ে ফেরার এবং দুই দায়িত্ব একসঙ্গে পালন করার পরিকল্পনা রয়েছে তাঁর।