খোদ জেলা সভাপতিকে অফিসে তালাবন্দি করল ক্ষুব্ধ কর্মীরা, ময়নাগুড়িতে তুঙ্গে বিজেপির কোন্দল

খোদ জেলা সভাপতিকে অফিসে তালাবন্দি করল ক্ষুব্ধ কর্মীরা, ময়নাগুড়িতে তুঙ্গে বিজেপির কোন্দল

২০২৬-এর বিধানসভা নির্বাচনের দামামা বাজতেই উত্তরবঙ্গজুড়ে পদ্ম শিবিরে বিদ্রোহের আগুন। মালবাজার এবং আলিপুরদুয়ারের পর এবার ময়নাগুড়িতেও প্রার্থী বাছাই নিয়ে নজিরবিহীন বিশৃঙ্খলার সাক্ষী থাকল জলপাইগুড়ি জেলা বিজেপি। বিদায়ী বিধায়ক কৌশিক রায়কে পুনরায় প্রার্থী করার প্রতিবাদে শুক্রবার দুপুরে রণংদেহি মেজাজে ধরা দিলেন দলীয় কর্মীরা। উত্তেজনার পারদ এতটাই চড়ে যে ময়নাগুড়ির দলীয় কার্যালয়ে জেলা সভাপতি শ্যামল রায়কে প্রায় এক ঘণ্টা আটকে রেখে বাইরে থেকে তালা ঝুলিয়ে দেন বিক্ষুব্ধরা।

বিক্ষোভকারীদের মূল নিশানায় রয়েছেন বিদায়ী বিধায়ক কৌশিক রায়। স্থানীয় নেতৃত্বের অভিযোগ, ২০২১ সালে জেতার পর থেকে এলাকায় বিধায়কের টিকি দেখা যায়নি। সাংগঠনিক কর্মসূচি হোক বা কর্মীদের আপদ-বিপদ— কোনোক্ষেত্রেই তাঁকে পাশে পাওয়া যায়নি বলে দাবি চার মণ্ডলের বিজেপি কর্মীদের। আগেই লিখিতভাবে তাঁকে প্রার্থী না করার আর্জি জানানো হয়েছিল শীর্ষ নেতৃত্বের কাছে। কিন্তু সেই দাবিকে গুরুত্ব না দিয়ে ফের কৌশিক রায়ের নাম ঘোষণা হতেই ক্ষোভে ফেটে পড়েন কর্মীরা।

এদিন দুপুরে জেলা সভাপতি শ্যামল রায় ময়নাগুড়ির কার্যালয়ে পৌঁছলে পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে। কর্মীরা তাঁর কাছে প্রার্থী নির্বাচনের ব্যাখ্যা দাবি করেন। সদুত্তর না মেলায় শুরু হয় তুমুল স্লোগান এবং শেষমেশ তাঁকে অফিসের ভেতরে রেখেই বাইরে থেকে দরজায় তালা লাগিয়ে দেওয়া হয়। বিক্ষুব্ধ কর্মীদের স্পষ্ট হুঁশিয়ারি, অবিলম্বে ময়নাগুড়িতে প্রার্থী বদল করতে হবে। দাবি পূরণ না হলে সমস্ত কার্যকর্তা একযোগে কাজ বন্ধ করে দেবেন এবং পাশের ধূপগুড়ি বা মেখলিগঞ্জে গিয়ে ভোটের কাজ করবেন বলে হুমকি দিয়েছেন তাঁরা। ভোটের মুখে ঘরের এই বিবাদ গেরুয়া শিবিরের অস্বস্তি যে বহুগুণ বাড়িয়ে দিল, তা বলাই বাহুল্য।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *