ইরানের পাল্টা চাপে উত্তাল হরমুজ প্রণালী উদ্ধারে রণতরী ত্রিপোলি পাঠাল ট্রাম্প প্রশাসন

মধ্যপ্রাচ্যে যুদ্ধের উত্তেজনা চরমে পৌঁছানোয় এবং বিশ্বের গুরুত্বপূর্ণ তৈল ধমনী হরমুজ প্রণালী কার্যত অচল হয়ে পড়ায় বড় পদক্ষেপ নিল আমেরিকা। আন্তর্জাতিক বাজারে তেলের দাম দ্রুত বৃদ্ধি ও বিশ্বজুড়ে সরবরাহ ব্যাহত হওয়ায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামরিক শক্তি বৃদ্ধির নির্দেশ দিয়েছেন। এই লক্ষ্যেই দক্ষিণ চিন সাগর থেকে অত্যাধুনিক উভচর যুদ্ধজাহাজ ‘ইউএসএস ত্রিপোলি’ এবং ‘ইউএসএস বক্সার’ ওই অঞ্চলের উদ্দেশ্যে রওনা দিয়েছে। ইরানের বিরুদ্ধে শক্তিশালী পাল্টা আঘাত হেনে সমুদ্রপথ মুক্ত করাই এখন ওয়াশিংটনের প্রধান লক্ষ্য।
বর্তমানে মোতায়েন থাকা বিমানবাহী রণতরী ‘ইউএসএস আব্রাহাম লিঙ্কন’-এর সঙ্গে যুক্ত হয়ে এই নতুন বাহিনী বড়সড় অভিযানের প্রস্তুতি নিচ্ছে। প্রায় ৪০০০ নৌসেনা, এফ-৩৫বি স্টিলথ ফাইটার জেট এবং ঘাতক হেলিকপ্টার সজ্জিত এই বহর আকাশ ও জলপথে সমানভাবে পারদর্শী। ইতিমধ্যে ইরানের হামলায় একাধিক মার্কিন ঘাঁটি ক্ষতিগ্রস্ত হওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়েছে। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি ১০০ ডলার ছাড়িয়ে যাওয়ায় দ্রুত নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়েছে আমেরিকা।