পূর্বাভাস ছাপিয়ে ভিজল শহর আজ সারাদিন কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া

শুক্রবার মধ্যরাত থেকেই ঝোড়ো হাওয়ার সঙ্গে প্রবল বৃষ্টিতে ভিজল তিলোত্তমা। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আজ শনিবারও কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হাওড়া, হুগলি, বাঁকুড়া ও বর্ধমানে শিলাবৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৬০ থেকে ৭০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। আগামী বৃহস্পতিবার পর্যন্ত রাজ্যে এই দুর্যোগপূর্ণ পরিস্থিতি বজায় থাকবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।
উত্তরবঙ্গের জেলাগুলিতেও আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। বিশেষ করে জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতায় আজ সর্বোচ্চ তাপমাত্রা ২৬ ডিগ্রি এবং সর্বনিম্ন ১৯ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। বৃষ্টির জেরে তাপমাত্রার পারদ এক ধাক্কায় অনেকটাই নেমে যাওয়ায় চৈত্রেই অনুভূত হচ্ছে শীতের আমেজ।