স্মার্টফোনেই জ্বলবে আগুন: অ্যাডভেঞ্চার প্রেমীদের জন্য ওকিটেল এনেছে বিশেষ ‘লাইটার ফোন’

প্রযুক্তি বিশ্বে চমক জাগিয়ে ওকিটেল বাজারে এনেছে তাদের নতুন মডেল ‘ডব্লিউপি৬৩’ (Oukitel WP63)। মূলত সারভাইভাল ও অ্যাডভেঞ্চারের কথা মাথায় রেখে তৈরি এই রাগেড স্মার্টফোনটিতে রয়েছে বিল্ট-ইন বৈদ্যুতিক লাইটার। ফোনের উপরিভাগে একটি বিশেষ কভারের নিচে থাকা ইলেকট্রিক কয়েল অ্যাপের মাধ্যমে সক্রিয় করে সহজেই আগুন জ্বালানো সম্ভব। তবে সরাসরি শিখা তৈরি না করে এটি কেবল তাপ উৎপন্ন করে, যা দিয়ে কাগজ বা সিগারেট জ্বালানো যাবে।
পেশাদার ব্যবহারের উপযোগী এই ফোনে ২০,০০০ mAh-এর বিশাল ব্যাটারি ব্যবহার করা হয়েছে। ১.০৬ ইঞ্চি পুরু ও ওজনে বেশ ভারী এই ডিভাইসটি দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে পাওয়ার ব্যাংক হিসেবেও কাজ করতে পারে। এর বিল্ট-ইন ইউএসবি-সি কেবলের মাধ্যমে অন্য ফোন চার্জ দেওয়া সম্ভব। নিরাপত্তার খাতিরে এতে কোনো হার্ডওয়্যার বোতাম রাখা হয়নি, বরং ডিজিটাল অ্যাপের মাধ্যমেই লাইটারটি নিয়ন্ত্রিত হয়।
অ্যাডভেঞ্চার প্রিয় ও দুর্গম এলাকায় ট্রেকিংকারীদের জন্য তৈরি এই স্মার্টফোনটির দাম প্রায় ৫০০ ডলার বা ভারতীয় মুদ্রায় প্রায় ৪২,০০০ টাকার কাছাকাছি। ওকিটেল কর্তৃপক্ষের দাবি, শান্ত ও নিয়ন্ত্রিতভাবে কাজ করা এই প্রযুক্তিটি ব্যবহারকারীদের জন্য সম্পূর্ণ নিরাপদ। তবে বিশেষজ্ঞরা মনে করিয়ে দিয়েছেন যে, লিথিয়াম-আয়ন ব্যাটারিচালিত এই ধরনের ডিভাইসে অতিরিক্ত তাপ উৎপাদন কিছুটা ঝুঁকিপূর্ণ হতে পারে।