সাধারণ মানুষের পকেটে বড় টান দিয়ে একধাক্কায় প্ল্যাটফর্ম ফি বাড়াল অনলাইন ফুড ডেলিভারি সংস্থা জোম্যাটো

রান্নার গ্যাস ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির বাজারে এবার মধ্যবিত্তের কপালে চিন্তার ভাঁজ ফেলল জোম্যাটো। ইরান-ইজরায়েল যুদ্ধের আবহে বিশ্বজুড়ে অস্থিরতার জেরে শুক্রবার থেকেই প্ল্যাটফর্ম ফি ১৯ শতাংশ বৃদ্ধি করেছে এই সংস্থা। আগে প্রতি অর্ডারে যেখানে ১২.৫০ টাকা ফি লাগত, এখন থেকে গ্রাহকদের গুনতে হবে ১৪.৯০ টাকা। অর্থাৎ প্রতিটি অর্ডারের জন্য অতিরিক্ত ২.৪০ টাকা ও সেই সঙ্গে জিএসটি ও ডেলিভারি চার্জ মেটাতে হবে। পাশাপাশি, সিইও দীপিন্দর গোয়েল জানিয়েছেন যে জোম্যাটোর নাম বদলে শীঘ্রই ‘ইটারনাল’ রাখা হচ্ছে।
অন্যদিকে জ্বালানি বাজারেও বড়সড় ধাক্কা দিয়েছে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন। ইন্ডাস্ট্রিয়াল ডিজেলের দাম লিটার প্রতি প্রায় ২২ টাকা বাড়িয়ে ১০৯.৫৯ টাকা করা হয়েছে। জ্বালানির এই আকাশছোঁয়া মূল্যবৃদ্ধির ফলে পরিবহন ও উৎপাদন খরচ ব্যাপক বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। একদিকে যুদ্ধের জেরে বিশ্ববাজারে অস্থিরতা, আর অন্যদিকে নিত্যপ্রয়োজনীয় পরিষেবার এমন অগ্নিমূল্য সাধারণ মানুষের দৈনন্দিন বাজেটে বড়সড় প্রভাব ফেলছে। সব মিলিয়ে রেস্তোরাঁর বিল থেকে যাতায়াত—সবই এখন আমজনতার নাগালের বাইরে যাওয়ার জোগাড়।