ডলারের বিপরীতে টাকার রেকর্ড পতন, সর্বকালীন সর্বনিম্ন স্তরে ভারতীয় মুদ্রা

শুক্রবার আন্তর্জাতিক বাজারে ডলারের বিপরীতে ভারতীয় মুদ্রার রেকর্ড পতন ঘটেছে। লেনদেন শেষে টাকার মান ৮২ পয়সা কমে এক ডলারের নিরিখে ৯৩.৭১ টাকায় দাঁড়িয়েছে, যা এযাবৎকালের সর্বনিম্ন স্তর। পশ্চিম এশিয়ায় চলমান সংঘাত, বিশ্ববাজারে ডলারের শক্তিবৃদ্ধি এবং বিদেশি বিনিয়োগকারীদের শেয়ার বিক্রির প্রবণতা ভারতীয় মুদ্রার ওপর এই চরম চাপ সৃষ্টি করেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
বাজার বিশ্লেষকদের মতে, অপরিশোধিত তেলের মূল্যবৃদ্ধি এবং আমদানির খরচ বেড়ে যাওয়া রুপির এই পতনের অন্যতম প্রধান কারণ। এলকেপি সিকিউরিটিজ ও এইচডিএফসি সিকিউরিটিজের বিশেষজ্ঞরা জানিয়েছেন, জ্বালানির দাম দীর্ঘ সময় চড়া থাকলে মুদ্রার ওপর চাপ আরও বাড়বে। স্বল্পমেয়াদে টাকার বিনিময় মূল্য ৯৩ থেকে ৯৪.২৫-এর মধ্যে ঘোরাফেরা করতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।
ভবিষ্যৎ পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে অ্যাম্বিট ক্যাপিটালের রিপোর্টে জানানো হয়েছে, আগামী এক বছরে টাকার মান আরও ৬.৫% থেকে ৭.৫% পর্যন্ত কমতে পারে। বিশ্ববাজারে ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ব্যারেলপ্রতি ১১০ ডলার ছাড়িয়ে গেলে ১ ডলারের বিপরীতে টাকার মান ৯৮.৯ পর্যন্ত নামার আশঙ্কা রয়েছে। তবে মুদ্রার এই অস্থিরতার মধ্যেও শুক্রবার ভারতের শেয়ার বাজারে সেনসেক্স ও নিফটি সূচকে কিছুটা ইতিবাচক প্রবণতা দেখা গেছে।