বিশ্ববাজারে তেলের দাম কমাতে ট্রাম্প প্রশাসনের বড় চাল, ভারতের জন্য খুলতে পারে ইরানি তেলের দরজা

পশ্চিম এশিয়ায় চরম উত্তেজনার মাঝে বিশ্ববাজারে তেলের আকাশছোঁয়া দাম নিয়ন্ত্রণে আনতে বড় পদক্ষেপ নিচ্ছে আমেরিকা। ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ইরানের ওপর থাকা নিষেধাজ্ঞা আংশিক শিথিল করার ইঙ্গিত দিয়েছে। মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট জানিয়েছেন, সমুদ্রে ভাসমান প্রায় ১৪০ মিলিয়ন ব্যারেল ইরানি তেল বিশ্ববাজারে ছাড়ার বিষয়ে আলোচনা চলছে। এই সিদ্ধান্ত কার্যকর হলে ভারত সরাসরি লাভবান হতে পারে।
২০১৯ সাল থেকে মার্কিন নিষেধাজ্ঞার কারণে ইরান থেকে তেল আমদানি বন্ধ রেখেছিল ভারত। বর্তমানে রাশিয়ার সস্তা তেলের ওপর নির্ভরশীলতা বাড়লেও লোহিত সাগর ও হরমুজ প্রণালীতে অস্থিরতার কারণে জ্বালানি নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। ভারতের আমদানিকৃত তেলের প্রায় ৪০ শতাংশ আসে এই রুট দিয়ে। বিশেষজ্ঞরা মনে করছেন, ওয়াশিংটন সবুজ সংকেত দিলে ভারত দ্রুত পুরোনো জোগান ব্যবস্থা সক্রিয় করতে পারবে। তবে সবটাই নির্ভর করছে ইরানি তেলের প্রতিযোগিতামূলক দাম এবং মার্কিন শর্তাবলীর ওপর। এই মুহূর্তে ১০ থেকে ১৪ দিনের বাড়তি জোগান বাজারে এলে বিশ্বজুড়ে জ্বালানির দাম কমার উজ্জ্বল সম্ভাবনা তৈরি হয়েছে।
আরও একটি বিষয় গুরুত্বপূর্ণ তা হলো মার্কিন স্ট্র্যাটেজিক রিজার্ভ থেকে তেল ছাড়ার পরিকল্পনা। সব মিলিয়ে ইরান ও আমেরিকার এই সমীকরণ ভারতের জ্বালানি সংকট মেটাতে তুরুপের তাস হয়ে উঠতে পারে।