আইপিএল ফাইনালের রেশ কাটতে না কাটতেই তল্পিতল্পা গুছিয়ে দেশ ছাড়ছে টিম ইন্ডিয়া

আইপিএল ২০২৬-এর উত্তেজনার মাঝেই বড় ঘোষণা করল বিসিসিআই। ৩১ মে আইপিএল ফাইনাল শেষ হওয়ার মাত্র এক সপ্তাহের মধ্যেই জাতীয় দলের জার্সিতে মাঠে নামছেন ভারতীয় ক্রিকেটাররা। জুন মাসেই আফগানিস্তান ও আয়ারল্যান্ডের বিরুদ্ধে ঠাসা সূচি ঘোষণা করেছে বোর্ড।
৬ থেকে ১০ জুন শুভমন গিলের নেতৃত্বে আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্ট ম্যাচ খেলবে ভারত। এরপর ১৪ জুন থেকে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। শোনা যাচ্ছে, এই সিরিজে রোহিত শর্মা ও বিরাট কোহলিকেও অ্যাকশনে দেখা যেতে পারে। ওয়ানডে সিরিজের বাকি দুটি ম্যাচ হবে ১৭ ও ২০ জুন।
আফগান সিরিজ শেষ করেই আয়ারল্যান্ড সফরে উড়াল দেবে নীল জার্সিধারীরা। সেখানে ২৬ ও ২৮ জুন দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ভারত। আয়ারল্যান্ড সফরে একাধিক নতুন মুখকে সুযোগ দেওয়া হতে পারে বলে ইঙ্গিত দিয়েছে বিসিসিআই। অন্যদিকে, টি-টোয়েন্টি বিশ্বকাপ পরবর্তী সময়ে আয়ারল্যান্ড দলেও দেখা যেতে পারে নতুন কোনো অধিনায়ককে।