৯ দৈব শক্তির অবতার নাকি ভয়ংকর প্রতারণা!অভিজাত পরিবারে হাড়হিম করা কাণ্ড

নয়ডার সেক্টর ১২১ এলাকার এক শিক্ষিত পরিবারে ভক্তি আর অন্ধবিশ্বাসের নামে চলল কোটি টাকার জালিয়াতি। নিজের পুত্রবধূ ও তার পরিবারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন এক বৃদ্ধা। অভিযোগ অনুযায়ী, মায়ুর বিহারের এক তরুণীর সঙ্গে বিয়ের পর থেকেই শুরু হয় এই অদ্ভুত নাটক। সেই তরণী দাবি করতেন তার ওপর নাকি ৯ দেবীর দৈব শক্তি ভর করেছে। অদ্ভুত আচরণ, চিৎকার আর ঝিমুনির অছিলায় ভূতের ভয়ে তটস্থ করে রাখা হতো গোটা পরিবারকে। এই ‘অশুভ শক্তি’ তাড়ানোর নামে দফায় দফায় হাতিয়ে নেওয়া হয়েছে প্রায় ১৬ লক্ষ টাকা। শুধু তাই নয়, বাড়ি থেকে গায়েব করা হয়েছে প্রায় ৩৫ লক্ষ টাকার সোনার গয়না।
এই ড্রামা কেবল ভারতেই সীমাবদ্ধ থাকেনি। ভুক্তভোগী পরিবারের ছেলে আমেরিকায় উচ্চপদস্থ চাকুরে ছিলেন। সেখানেও স্ত্রীর মানসিক অত্যাচারে তাকে কাজ ছাড়তে হয়। ২০২১ সালে ভারত ফেরার পথে মাঝ আকাশেও বিমানে ব্যাপক হাঙ্গামা করেন ওই মহিলা। হোয়াটসঅ্যাপ মেসেজে দাবি করেন তাকে নাকি দেবতারা ভারতে টেনে নিয়ে যাচ্ছেন। পরিবারের পক্ষ থেকে ডাক্তার দেখানোর কথা বলা হলে হিতে বিপরীত হয়। বাপের বাড়ির লোকজন চিকিৎসকের বদলে তান্ত্রিক নিয়ে এসে বাড়িতে চড়াও হয় এবং প্রাণনাশের হুমকি দেয়। এমনকি গত সেপ্টেম্বর ও নভেম্বরে বাড়িতে ঢুকে মারধর ও লুটপাটের ঘটনাও ঘটে। প্রথমে পুলিশ অভিযোগ নিতে অস্বীকার করলেও শেষ পর্যন্ত আদালতের নির্দেশে ৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। পুলিশ এখন খতিয়ে দেখছে এটি নিছকই মানসিক অসুস্থতা নাকি এর পেছনে রয়েছে সুপরিকল্পিত কোনো অপরাধ চক্র।