ওমান ও তুরস্কে কি সত্যিই হামলা করেছে ইরান? মুখ খুললেন খামেনেয়ী

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনেয়ী ওমান এবং তুরস্কের কিছু অংশে সাম্প্রতিক হামলার খবর সরাসরি অস্বীকার করেছেন। পবিত্র ঈদুল ফিতর এবং ইরানি নববর্ষ ‘নওরোজ’ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানাতে গিয়ে তিনি এই গুরুত্বপূর্ণ বিবৃতি দেন।
খামেনেয়ী স্পষ্ট জানান যে, তুরস্ক ও ওমানের ওপর কোনো হামলা ইরানি সশস্ত্র বাহিনী বা তাদের মিত্রদের পক্ষ থেকে চালানো হয়নি। সংবাদ সংস্থা সিনহুয়ার রিপোর্ট অনুযায়ী, খামেনেয়ী প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সুসম্পর্কের ওপর জোর দিয়েছেন। একই সঙ্গে তিনি ইজরায়েলের ‘চালবাজি’ নিয়ে সতর্কবার্তা দিয়ে বলেন যে, প্রতিবেশী দেশগুলোর মধ্যে ফাটল ধরাতে ইজরায়েল ‘ফলস ফ্ল্যাগ’ অপারেশনের আশ্রয় নিতে পারে। তিনি আশঙ্কা প্রকাশ করেছেন যে, এ ধরনের অপারেশন অন্যান্য দেশেও চালানো হতে পারে।
আফগানিস্তান ও পাকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের আহ্বান জানিয়ে খামেনেয়ী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন। এছাড়া তিনি ইরানের পরিকাঠামো উন্নয়ন ও জনগণের জীবনযাত্রার মান বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন এবং নতুন বছরকে ‘প্রতিরোধ অর্থনীতির বছর’ হিসেবে ঘোষণা করেন।
অন্যদিকে, ন্যাটোর পক্ষ থেকে তুরস্কের দক্ষিণ আদানায় অতিরিক্ত প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেম মোতায়েন করা হয়েছে। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, গত সপ্তাহে ইরান থেকে ছোড়া একটি ব্যালিস্টিক মিসাইল আকাশপথে রুখে দেওয়ার পর নিরাপত্তার খাতিরেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল জেকি আকতুর্ক জানান, জার্মানির রামস্টিন থেকে আসা এই সিস্টেমটি আগে থেকে মোতায়েন থাকা স্প্যানিশ প্যাট্রিয়ট সিস্টেমকে সহায়তা করবে।
উল্লেখ্য, গত ১৩ মার্চ ইরান থেকে উৎক্ষিপ্ত একটি ক্ষেপণাস্ত্র তুরস্কের আকাশসীমায় প্রবেশ করলে ন্যাটো বাহিনী তা ভূমধ্যসাগরের ওপর ধ্বংস করে দেয়। এর আগে ২৮ ফেব্রুয়ারি ইরানজুড়ে ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলার পর থেকেই মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনা বিরাজ করছে।