চুঁচুড়ার লড়াইয়ে দেবাংশুর হুঙ্কার, প্রার্থী নিয়ে বিজেপিকে চরম কটাক্ষ রচনার

নিউজ ডেস্ক
বাংলার নির্বাচনী পারদ চড়ছে হুগলির চুঁচুড়ায়। শুক্রবার সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে আয়োজিত এক হাইভোল্টেজ সাংবাদিক সম্মেলনে বিজেপিকে কার্যত ধুয়ে দিলেন তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্য। গেরুয়া শিবিরের প্রার্থী তালিকা নিয়ে প্রশ্ন তুলে তাঁর বিস্ফোরক মন্তব্য, “প্রার্থী খুঁজে না পেলে শেষ পর্যন্ত দিদির দরজাতেই কড়া নাড়তে হবে।”
এদিন দেবাংশু দাবি করেন, চুঁচুড়া, চন্দননগর বা সিঙ্গুরের মতো গুরুত্বপূর্ণ আসনে বিজেপি এখনও যোগ্য মুখ খুঁজে পাচ্ছে না। ২০২১-এর স্মৃতি মনে করিয়ে দিয়ে তিনি বলেন, সেবারও তৃণমূলের ব্রাত্য নেতাদের নিয়েই ময়দানে নেমেছিল বিজেপি। এবারও সেই একই পরিস্থিতির পুনরাবৃত্তি হতে চলেছে বলে তাঁর দাবি।
অন্যদিকে, দলের অন্দরে গোষ্ঠীদ্বন্দ্বের জল্পনা উড়িয়ে দিয়ে সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় সাফ জানান, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আস্থাভাজন দেবাংশু একজন অভিজ্ঞ রাজনীতিবিদ। আইপ্যাকের সমীক্ষা এবং মানুষের গ্রহণযোগ্যতা বিচার করেই দল সিদ্ধান্ত নিয়েছে। ফলে বিরোধীদের ছড়ানো বিভ্রান্তিতে কান দেওয়ার কিছু নেই।
তবে সবথেকে নজর কেড়েছে দেবাংশুর আত্মবিশ্বাসী মন্তব্য। চুঁচুড়ার লড়াই প্রসঙ্গে তিনি বলেন, “হয়তো কোথাও একটু পিছিয়ে আছি, কিন্তু লাস্ট ওভারে ছক্কা মেরেই আমরা জয় ছিনিয়ে আনব।” রচনার উপস্থিতিতে দেবাংশুর এই ‘ম্যাচ উইনিং’ মেজাজ কর্মীদের মধ্যে নতুন করে অক্সিজেন জুগিয়েছে। সব মিলিয়ে ভোটের আগে চুঁচুড়ার রাজনৈতিক সমীকরণ এখন তুঙ্গে।