আপনার ভোট কেউ কেড়ে নিতে পারবে না, শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়ব: মমতা

কলকাতা
রেড রোডের ঈদের মঞ্চ থেকে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তীব্র হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটার তালিকা সংশোধনের নামে সাধারণ মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার ষড়যন্ত্র চলছে বলে বিস্ফোরক অভিযোগ করেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় সাফ জানান, বিজেপি বা মোদী সরকার কাউকেই বাংলার মানুষের গণতান্ত্রিক অধিকার চুরি করতে দেওয়া হবে না।
মুখ্যমন্ত্রীর দাবি, বিশেষ পর্যালোচনার নামে বেছে বেছে সংখ্যালঘু অধ্যুষিত এলাকাগুলো থেকে অসংখ্য মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। নির্বাচনের আগে এটি একটি পরিকল্পিত চক্রান্ত। তিনি স্পষ্ট ভাষায় বলেন, “বাংলাকে ভাগ করার চেষ্টা যারা করবে, তাদের ঠাঁই হবে নরকে। এখানে হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান সবাই মিলেমিশে থাকে। এই ঐক্য নষ্ট করার চেষ্টা আমরা বরদাস্ত করব না।” নাগরিক অধিকার রক্ষায় শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেন তৃণমূল নেত্রী।