রান্নার পদ্ধতিতে বড় বদল: এলপিজি সংকটে ট্রেনের খাবারে নয়া নির্দেশিকা IRCTC-র

রান্নার পদ্ধতিতে বড় বদল: এলপিজি সংকটে ট্রেনের খাবারে নয়া নির্দেশিকা IRCTC-র

ইরান, ইজরায়েল ও আমেরিকার মধ্যে চলমান যুদ্ধের প্রভাবে ভারতে এলপিজি সিলিন্ডারের দাম বাড়ার পাশাপাশি জ্বালানি সংকট তীব্র হয়েছে। এই পরিস্থিতির আঁচ এবার পৌঁছেছে ভারতীয় রেলের ক্যাটারিং পরিষেবাতেও। রান্নার গ্যাস সরবরাহে টান পড়ার আশঙ্কায় ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন (IRCTC) তাদের ক্যাটারিং পার্টনারদের রান্নার পদ্ধতিতে দ্রুত আমূল পরিবর্তনের নির্দেশ দিয়েছে।

নতুন নির্দেশিকা অনুযায়ী, এলপিজি সিলিন্ডারের ওপর নির্ভরতা কমিয়ে বিকল্প হিসেবে মাইক্রোওয়েভ ওভেন ও ইলেকট্রিক ইনডাকশন সিস্টেম ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। রেলওয়ে স্টেশনের সমস্ত ফুড প্লাজা, রিফ্রেশমেন্ট রুম এবং জন আহার স্টলগুলোতে সরাসরি গ্যাসের বদলে বৈদ্যুতিক সরঞ্জাম ব্যবহারের ওপর জোর দেওয়া হয়েছে। যুদ্ধকালীন পরিস্থিতিতে জ্বালানি সংকট মোকাবিলায় এই পদক্ষেপ অত্যন্ত জরুরি বলে মনে করছে রেল কর্তৃপক্ষ।

যাত্রীদের নিরবচ্ছিন্ন খাদ্য পরিষেবা নিশ্চিত করতে আইআরসিটিসি পর্যাপ্ত পরিমাণ ‘রেডি টু ইট’ খাবার মজুত রাখার নির্দেশ দিয়েছে। রেলের এক আধিকারিক জানিয়েছেন, বেস কিচেনে এলপিজি সরবরাহে বিঘ্ন ঘটলে সরাসরি যাত্রীদের খাবারে প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে। তাই আগাম সতর্কতা হিসেবেই রান্নার সনাতন পদ্ধতি বদলে বৈদ্যুতিক সরঞ্জামের মাধ্যমে পরিষেবা স্বাভাবিক রাখার চেষ্টা চালানো হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *