বাঁকুড়ায় তৃণমূলের পতাকা ছেঁড়াকে কেন্দ্র করে উত্তেজনা, তুঙ্গে রাজনৈতিক তরজা

বাঁকুড়ার সোনামুখী বিধানসভার অন্তর্গত পাত্রসায়ের ব্লকের পটাশপুর এলাকায় তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা ছিঁড়ে ফেলার ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। তৃণমূল কর্মীদের দাবি, নির্বাচন কমিশনের নিয়ম মেনেই রাস্তার দু’ধারে প্রচারের পতাকা লাগানো হয়েছিল। কিন্তু রাতের অন্ধকারে কে বা কারা সেই সমস্ত পতাকা ছিঁড়ে ফেলে দেয়, যা সকালে জানাজানি হতেই এলাকায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়।

এই ঘটনার প্রেক্ষিতে বিজেপির বিরুদ্ধে সরাসরি অভিযোগ তুলেছে ঘাসফুল শিবির। তৃণমূল প্রার্থী কল্লোল সাহার মতে, নিশ্চিত পরাজয় জেনেই বিজেপি এই কাজ করেছে। পাল্টা প্রতিক্রিয়ায় বিজেপি প্রার্থী দিবাকর ঘরামি এই অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর দাবি, এলাকায় অরাজকতা তৈরি করতে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ফলেই এই ঘটনা ঘটেছে। এই অভিযোগ ও পাল্টা অভিযোগকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক মহলে চাপানউতোর চরমে।

আগামী ২৩ এপ্রিল বাঁকুড়ায় প্রথম দফার ভোট গ্রহণ অনুষ্ঠিত হতে চলেছে। নির্বাচনের প্রাক্কালে এই পতাকা বিতর্ককে কেন্দ্র করে সরগরম পটাশপুর গ্রাম। বর্তমানে নিচুতলার কর্মীদের মধ্যে ব্যাপক ক্ষোভ থাকলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সচেষ্ট প্রশাসন। দুই প্রধান রাজনৈতিক শিবিরের এই সংঘাত ভোটের ময়দানে কী প্রভাব ফেলে, এখন সেটাই দেখার।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *