রেড রোডে ইদের মঞ্চে এসআইআর ইস্যুতে সরব মুখ্যমন্ত্রী, মোদিকে কড়া বার্তা মমতার

শনিবার প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে রেড রোডে ইদ-উল-ফিতরের নামাজে শামিল হন হাজার হাজার মানুষ। বৃষ্টির মধ্যেই সেখানে উপস্থিত হয়ে উপস্থিত জনতাকে শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। উৎসবের আবহেও এদিন মুখ্যমন্ত্রীর কণ্ঠে শোনা যায় রাজনৈতিক প্রতিবাদের সুর।
এসআইআর ইস্যুতে কেন্দ্রকে তীব্র আক্রমণ করে মুখ্যমন্ত্রী জানান, বহু মানুষের নাম বাদ দিয়ে সাধারণের ভোটাধিকার কেড়ে নেওয়ার চেষ্টা চলছে। তিনি সাফ বলেন, বাংলার মানুষের অধিকার কাউকে কেড়ে নিতে দেবেন না, এমনকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি চাইলেও তা সম্ভব হবে না। এই লড়াইয়ে তিনি শেষ পর্যন্ত মানুষের পাশে থাকার এবং সুপ্রিম কোর্ট পর্যন্ত যাওয়ার অঙ্গীকার করেন।
অন্যদিকে, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিভাজনের রাজনীতির বিরুদ্ধে সরব হন। তিনি বলেন, ভাইয়ে ভাইয়ে লড়াই লাগিয়ে দেওয়ার চেষ্টা করা হলেও বাংলার সংস্কৃতি ও ঐক্যবদ্ধ মনুষ্যত্বকে বাঁচিয়ে রাখতে হবে। উৎসবের এই মঞ্চ থেকে দুই নেতাই বাংলার কৃষ্টি রক্ষা এবং অধিকার আদায়ের লড়াইয়ে অবিচল থাকার বার্তা দেন।