আসাম বিধানসভা নির্বাচনে কোমর বেঁধে নামছে তৃণমূল, ১৭ আসনের প্রার্থী তালিকা ঘোষণা

অসম বিধানসভা নির্বাচনে কোমর বেঁধে নামছে তৃণমূল, ১৭ আসনের প্রার্থী তালিকা ঘোষণা

আসামের আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক তৎপরতা তুঙ্গে। আগামী ৯ এপ্রিল রাজ্যের ১২৬টি বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এই লক্ষ্যেই শুক্রবার ১২টি জেলার ১৭টি আসনের জন্য প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশ করল তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। জানা গিয়েছে, ৫০টি আসনের জন্য সংগৃহীত ৮৫টি আবেদনপত্র পুঙ্খানুপুঙ্খ যাচাই করার পরেই এই প্রার্থীদের নাম চূড়ান্ত করা হয়েছে।

নির্বাচনী রণকৌশল সাজাতে প্রার্থীর পাশাপাশি তারকা প্রচারকদের তালিকাও নির্বাচন কমিশনের কাছে জমা দিয়েছে ঘাসফুল শিবির। এই তালিকায় তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি সাংসদ সুস্মিতা দেবসহ মোট ১৮ জনের নাম রয়েছে। তৃণমূল নেতৃত্বের এই পদক্ষেপে উত্তর-পূর্বের এই রাজ্যে দলের নির্বাচনী লড়াই আরও জোরালো হবে বলে মনে করা হচ্ছে।

সাংসদ সুস্মিতা দেব জানান, বাংলার বিধানসভা নির্বাচন নিয়ে ব্যস্ততা সত্ত্বেও আসামের সাধারণ মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তাঁদের রাজ্যে প্রচারের জন্য পেতে আগ্রহী। আসামের মানুষের আবেগকে সম্মান জানিয়ে ব্যস্ত সূচির মধ্যেও অন্তত একদিনের জন্য শীর্ষ নেতৃত্ব সেখানে প্রচারে যাবেন বলে আশা প্রকাশ করা হয়েছে। বর্তমানে এই প্রার্থী ও প্রচারক তালিকা নিয়ে রাজনৈতিক মহলে ব্যাপক চর্চা শুরু হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *