আয়কর বিধিতে বড় রদবদল: বাড়িভাড়া ও শিক্ষাভাতা নিয়ে খুশির খবর করদাতাদের

আগামী ১ এপ্রিল থেকে দেশে কার্যকর হচ্ছে নতুন আয়কর বিধি। সংশোধিত এই নিয়মে গৃহভাড়া ভাতায় (HRA) করছাড়ের ক্ষেত্রে বড় পরিবর্তন আনা হয়েছে। এখন থেকে মুম্বই, কলকাতা, দিল্লি, চেন্নাই, হায়দরাবাদ, পুনে, আমেদাবাদ এবং বেঙ্গালুরু—এই আটটি শহরে কর্মরত চাকরিজীবীরা বেতনের সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত করছাড়ের সুবিধা পাবেন। অন্যান্য শহরের ক্ষেত্রে এই সীমানাকে ৪০ শতাংশ রাখা হয়েছে। তবে জালিয়াতি রুখতে বাড়িওয়ালা ও ভাড়াটের মধ্যে পারিবারিক সম্পর্ক থাকলে এখন থেকে নির্দিষ্ট ডিক্লারেশন ফর্মে তা বাধ্যতামূলকভাবে জানাতে হবে।
নতুন বিধিতে আয়কর কোডের সংখ্যা ৮১৯ থেকে কমিয়ে ৫৩৬ করা হয়েছে। বিভ্রান্তি দূর করতে ‘অ্যাসেসমেন্ট ইয়ার’-এর বদলে এখন থেকে ‘ট্যাক্স ইয়ার’ শব্দবন্ধটি ব্যবহৃত হবে। ক্যাপিটাল গেইন ট্যাক্স নির্ধারণের ক্ষেত্রে শেয়ার, বন্ড ও ডিপোজিট সার্টিফিকেটের হোল্ডিং পিরিয়ডকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। সামগ্রিকভাবে কর কাঠামোকে আরও সহজ ও স্বচ্ছ করার লক্ষ্যেই মোদি সরকার এই পদক্ষেপ গ্রহণ করেছে বলে জানানো হয়েছে।
মধ্যবিত্তের স্বস্তিতে শিক্ষা ও অন্যান্য ভাতাতেও করছাড়ের সীমা বাড়ানো হয়েছে। ছাত্রছাত্রীদের হোস্টেল ফি বাবদ মাসিক করছাড় ৩০০ টাকা থেকে বাড়িয়ে ৩ হাজার টাকা করা হয়েছে। একইভাবে অফিস থেকে প্রাপ্ত ফুড বিলের ঊর্ধ্বসীমা ৫০ টাকা থেকে বাড়িয়ে ২০০ টাকা এবং স্কুল ফি বাবদ ছাড়ের বার্ষিক সীমা ১২ হাজার থেকে ৩৬ হাজার টাকায় উন্নীত করা হয়েছে। এই আমূল পরিবর্তনের ফলে লক্ষাধিক করদাতা সরাসরি উপকৃত হবেন বলে আশা করা হচ্ছে।