আসাম বিধানসভা নির্বাচনে বিজেপির বড় চমক: ১৯ বিধায়ক বাদ, প্রাক্তন কংগ্রেস নেতাদের জয়জয়কার

আসাম বিধানসভা নির্বাচনের প্রথম দফার প্রার্থী তালিকায় বড়সড় রদবদল ঘটিয়েছে শাসক দল বিজেপি। ঘোষিত ৮৮ জনের তালিকায় ১৯ জন বিদায়ী বিধায়ককে সরিয়ে নতুন মুখ নিয়ে আসা হয়েছে। তবে সবচেয়ে আলোচিত বিষয় হলো কংগ্রেস ত্যাগী চার প্রভাবশালী নেতার অন্তর্ভুক্তি। গত মাসেই গেরুয়া শিবিরে যোগ দেওয়া প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন কুমার বোরাকে তাঁর পছন্দের উত্তর আসামের বিপুরিয়া কেন্দ্র থেকেই টিকিট দেওয়া হয়েছে।
অন্যদিকে, কংগ্রেসের সাংসদ প্রদ্যোৎ বরদলৈ দলত্যাগের পর গুয়াহাটির দিসপুর আসন থেকে বিজেপির প্রার্থী হচ্ছেন। তাঁর ছেলে প্রতীক টিকিট প্রত্যাখ্যান করে সাধারণ সদস্য হিসেবে কাজ করার সিদ্ধান্ত নিয়েছেন। প্রত্যাশামতোই জলুকবাড়ি কেন্দ্র থেকে ষষ্ঠবারের মতো লড়বেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এ ছাড়াও বরাক উপত্যকা ও রাহা কেন্দ্র থেকে লড়বেন সদ্য বিজেপিভুক্ত কমলাক্ষ দে পুরকায়স্থ এবং শশীকান্ত দাস। কংগ্রেস নেতৃত্বের অবহেলার কারণেই দল ছেড়েছেন বলে তাঁদের দাবি।
নির্বাচন ঘিরে কংগ্রেস স্ক্রিনিং কমিটির দায়িত্বে থাকা প্রিয়াঙ্কা গান্ধীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন দলত্যাগীরা। বিশেষ করে প্রদ্যোৎ বরদলৈ অভিযোগ করেছেন, বৈঠকে তাঁর মন্তব্যের গুরুত্ব দেওয়া হয়নি। যদিও কংগ্রেস এই অভিযোগ অস্বীকার করে জানিয়েছে প্রিয়াঙ্কা গান্ধী কেবল প্রার্থী তালিকা নিশ্চিত করেছেন। এদিকে বিজেপি বিরোধী লড়াইয়ে অখিল গগৈয়ের নেতৃত্বে রাইজোর দল পৃথক অবস্থান নিলেও বাকি দলগুলি জোটবদ্ধ হয়ে লড়াইয়ের সংকল্প গ্রহণ করেছে।