বিবেচনাধীন ভোটার তালিকা প্রকাশে অনিশ্চয়তা: তিন দফার বৈঠকেও কাটেনি জল্পনা

রাজ্যে বিবেচনাধীন ভোটারদের প্রথম তালিকা আজ শুক্রবার প্রকাশিত হবে কি না, তা নিয়ে তীব্র অনিশ্চয়তা তৈরি হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির উপস্থিতিতে তিন দফা উচ্চপর্যায়ের বৈঠক হলেও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত আসেনি। সামনেই ঈদ থাকায় তালিকা প্রকাশ নিয়ে কিছুটা দ্বিধায় রয়েছে প্রশাসন। তবে কমিশন সূত্রে খবর, ২৪ লক্ষ বিবেচনাধীন ভোটারের তথ্যের নিষ্পত্তি ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে এবং আইনি সবুজ সংকেত পেলেই তালিকা প্রকাশ করতে তারা প্রস্তুত।
নিরাপত্তা পরিস্থিতি খতিয়ে দেখতে প্রধান বিচারপতি সুজয় পাল এদিন রাজ্যের স্বরাষ্ট্রসচিব, ডিজি এবং কলকাতার পুলিশ কমিশনারের সঙ্গে বৈঠক করেন। পরবর্তীতে মুখ্য নির্বাচনি আধিকারিক ও বিশেষ পর্যবেক্ষকদের নিয়েও আলোচনা হয়। আইনশৃঙ্খলা রক্ষা এবং অতিরিক্ত ভোটার তালিকা প্রকাশের জটিলতা দূর করতে দিনভর তৎপরতা চললেও শুক্রবারের তালিকা প্রকাশ নিয়ে জল্পনা রয়েই গিয়েছে। হাইকোর্ট থেকে ছাড়পত্র মিললেই কেবল এই তালিকা জনসমক্ষে আসবে।
আগামী ২৩ ও ২৯ এপ্রিল রাজ্যে দুই দফায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে এবং ফল ঘোষণা হবে ৪ মে। পূর্ণাঙ্গ তালিকা ছাড়া ভোট গ্রহণ সম্ভব নয় বলে সময়ের মধ্যেই সমস্ত নামের নিষ্পত্তি করতে চাইছেন বিচারকেরা। যাদের নাম তালিকা থেকে বাদ পড়বে, তারা বিশেষ ট্রাইব্যুনালে আবেদনের সুযোগ পাবেন। এদিকে নির্বাচন কমিশন জানিয়েছে, রাজ্যে নিরাপত্তা নিশ্চিতে ৪৮০ কো ম্পা নি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে এবং অবৈধ অস্ত্র উদ্ধারে তল্লাশি অভিযান অব্যাহত আছে।