ইরান যুদ্ধ শেষের পথে: হরমুজ প্রণালীর নিরাপত্তা নিয়ে মিত্রদেশগুলোকে কড়া বার্তা ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানে সামরিক অভিযানের লক্ষ্য পূরণের অত্যন্ত কাছাকাছি পৌঁছে গেছে আমেরিকা। সামাজিক মাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ এক বার্তায় তিনি দাবি করেন, ইরানের নৌ ও বিমানবাহিনীর পরিকাঠামো কার্যত ধ্বংস করে দেওয়া হয়েছে এবং তেহরান যাতে পরমাণু অস্ত্র তৈরি করতে না পারে তা নিশ্চিত করা হবে। এই অভিযানে ইসরায়েলসহ মধ্যপ্রাচ্যের মিত্র দেশগুলোকে সুরক্ষা দেওয়া হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
২২ দিনে পা রাখা এই যুদ্ধে দুপক্ষের ব্যাপক ক্ষয়ক্ষতির খতিয়ানও উঠে এসেছে। মার্কিন হামলায় ইরান বিপর্যস্ত হলেও, পাল্টা আঘাতে আমেরিকার তিনটি এফ-৩৫ যুদ্ধবিমান ও ছয়টি কেসি ট্যাঙ্কার ধ্বংস হয়েছে। এছাড়া মধ্যপ্রাচ্যের বিভিন্ন মার্কিন ঘাঁটি এবং ইসরায়েলের হাইফা তেল শোধনাগার ক্ষতিগ্রস্ত হয়েছে। যুদ্ধের প্রভাবে হরমুজ প্রণালী কার্যত অচল হয়ে পড়ায় বিশ্ববাজারে তেলের দাম ব্যারেল প্রতি ১০০ ডলার ছাড়িয়েছে।
কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর নিরাপত্তা নিয়ে ট্রাম্প স্পষ্ট জানান, আমেরিকা এই জলপথ ব্যবহার করে না। তাই যেসব দেশ এই রুট ব্যবহার করে, তাদেরই এর সুরক্ষার দায়িত্ব নিতে হবে। তবে মিত্র দেশগুলো চাইলে আমেরিকা সহায়তার জন্য প্রস্তুত আছে বলে তিনি ইঙ্গিত দিয়েছেন। ইরান দুর্বল হয়ে পড়লে মধ্যপ্রাচ্যে বিশাল সামরিক অভিযান গুটিয়ে নেওয়ার পরিকল্পনা করছে ওয়াশিংটন।