মেসির নেতৃত্বে নতুন সূচি আর্জেন্টিনার: ঘরের মাঠে আফ্রিকান প্রতিপক্ষের মুখোমুখি বিশ্বচ্যাম্পিয়নরা

অশান্ত মধ্যপ্রাচ্যের প্রভাবে একাধিক ম্যাচ বাতিল হওয়ার পর অবশেষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচের নতুন সূচি ঘোষণা করেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন। ২০২৬ বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে চলতি মাসে ঘরের মাঠে আফ্রিকার দুটি শক্তিশালী দল মৌরিতানিয়া ও জাম্বিয়ার বিরুদ্ধে মাঠে নামবে নীল-সাদা জার্সিধারীরা। নিরাপত্তাজনিত কারণে স্পেন ও কাতারের বিপক্ষে ম্যাচগুলো বাতিল হওয়ায় এই নতুন সূচি নির্ধারণ করা হয়েছে।
ফিফার মার্চ উইন্ডোতে নির্ধারিত সূচি অনুযায়ী, আগামী ২৭ মার্চ মৌরিতানিয়া এবং ৩১ মার্চ জাম্বিয়ার মুখোমুখি হবে বিশ্বচ্যাম্পিয়নরা। বিশ্বকাপের আগে ঘরের মাঠে সমর্থকদের সামনে এটাই লিওনেল মেসিদের শেষ ম্যাচ হতে চলেছে। ইতিপূর্বে গুয়াতেমালার বিপক্ষে ম্যাচ আয়োজনের পরিকল্পনা থাকলেও ফিফার অনুমতি না মেলায় তা বাতিল হয়। ফলে টানা তিনটি ম্যাচে আফ্রিকান প্রতিপক্ষের মোকাবিলা করতে যাচ্ছে আর্জেন্টিনা।
অধিনায়ক লিওনেল মেসির নেতৃত্বে এই দুই ম্যাচের জন্য ইতিমধ্যে ২৮ সদস্যের দল ঘোষণা করেছেন কোচ লিওনেল স্কালোনি। ইনজুরির কারণে লাউতারো ও লিসান্দ্রো মার্টিনেজ দলে না থাকলেও সুযোগ পেয়েছেন টমাস প্যালাসিওস ও গ্যাব্রিয়েল রোহাসের মতো নতুন মুখ। এছাড়া রদ্রিগো ডি পল ও এমিলিয়ানো মার্টিনেজের মতো অভিজ্ঞ তারকারা দলে রয়েছেন। নানা অনিশ্চয়তা কাটিয়ে নতুন চ্যালেঞ্জ নিতে সম্পূর্ণ প্রস্তুত আলবিসেলেস্তেরা।