আরজি কর লিফট দুর্ঘটনা: কর্তব্যরতদের গাফিলতির অভিযোগে ৫ জন পুলিশি হেফাজতে

আরজি কর লিফট দুর্ঘটনা: কর্তব্যরতদের গাফিলতির অভিযোগে ৫ জন পুলিশি হেফাজতে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে লিফট দুর্ঘটনায় অরূপ বন্দ্যোপাধ্যায়ের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। শিয়ালদহ আদালত অভিযুক্ত পাঁচজনকে ছয় দিনের পুলিশি হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে। অভিযোগ উঠেছে, দুর্ঘটনার সময় লিফটম্যানরা গান শুনতে ব্যস্ত ছিলেন এবং বারবার সাহায্যের আর্জি জানানো সত্ত্বেও কেউ এগিয়ে আসেননি। এমনকি সেখানে উপস্থিত নিরাপত্তাকর্মী ও পুলিশ কর্মীদের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছে নিহতের পরিবার।

মৃতের পরিবারের আইনজীবীর দাবি, লিফটটি বেসমেন্টে আটকে থাকা অবস্থায় একতলায় থাকা আত্মীয়রা সাহায্য চাইলেও লিফটম্যানরা গুরুত্ব দেননি। অভিযোগ, পরিস্থিতি না বুঝেই ওপরের তলা থেকে লিফটটি চালু করে দেওয়ায় অরূপবাবু দেওয়াল ও লিফটের মাঝে চাপা পড়েন। ফরেনসিক বিশেষজ্ঞরা ইতিমধ্য়েই ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করেছেন। কোন বোতাম টিপে লিফটটি চালানো হয়েছিল এবং এর পেছনে কার গাফিলতি ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।

সরকারি কৌঁসুলি আদালতে জানিয়েছেন, কর্তব্যরতদের চরম অবহেলাই এই প্রাণঘাতী দুর্ঘটনার মূল কারণ। ধৃতদের তালিকায় রয়েছেন লিফটম্যান মিলনকুমার দাস, বিশ্বনাথ দাস, মানসকুমার গুহ এবং নিরাপত্তারক্ষী আশরাফুল রহমান ও শুভদীপ দাস। আদালত নির্দেশ দিয়েছে, ঘটনার সময় কারা দায়িত্বে ছিলেন এবং প্রশাসনিক স্তরে কী ধরনের ত্রুটি ছিল, তার বিস্তারিত রিপোর্ট পেশ করতে হবে। আগামী সোমবার ফরেনসিক দলের জীববিদ্যা বিভাগও ঘটনাস্থল পরিদর্শনে যাবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *