নন্দীগ্রামে তৃণমূলের ‘অপারেশন জয়’: শুভেন্দুর গড়ে হাইভোল্টেজ প্রচারে অভিষেক

নন্দীগ্রামে তৃণমূলের ‘অপারেশন জয়’: শুভেন্দুর গড়ে হাইভোল্টেজ প্রচারে অভিষেক

আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে উত্তপ্ত নন্দীগ্রামের রাজনৈতিক ময়দান। ২০২১ সালের হারের ক্ষত মুছে এই কেন্দ্রটি পুনর্দখল করতে মরিয়া শাসকদল তৃণমূল কংগ্রেস। সেই লক্ষ্যেই এবার সরাসরি রণক্ষেত্রে নামছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। পূর্ব মেদিনীপুর জেলাজুড়ে সংগঠনকে শক্তিশালী করতে এবং দলীয় প্রার্থীর সমর্থনে একগুচ্ছ কর্মসূচি গ্রহণ করেছেন তিনি।

অভিষেকের এই ‘অপারেশন জয়’ শুরু হচ্ছে আগামী ২৫ মার্চ নন্দীগ্রামের কর্মীসভার মধ্য দিয়ে। এরপর ২৭ মার্চ পাঁশকুড়া পূর্বে একটি বিশাল জনসভা এবং ৩০ মার্চ কাঁথি সাংগঠনিক জেলায় নির্বাচনী রণকৌশল নির্ধারণে রুদ্ধদ্বার বৈঠক করবেন তিনি। মূলত নিচুতলার কর্মীদের চাঙ্গা করা এবং সাধারণ মানুষের কাছে উন্নয়নের বার্তা পৌঁছে দেওয়াই এই সফরের প্রধান উদ্দেশ্য বলে মনে করছে রাজনৈতিক মহল।

তৃণমূল এবার এই কেন্দ্রে শুভেন্দু অধিকারীর প্রাক্তন ঘনিষ্ঠ নেতা পবিত্র করকে প্রার্থী করে বড় চমক দিয়েছে। স্থানীয় সমীকরণ এবং প্রতিপক্ষের কৌশল সম্পর্কে ওয়াকিবহাল পবিত্রকে জেতাতে কোমর বেঁধে নামছে ঘাসফুল শিবির। অন্যদিকে, নিজের খাসতালুক রক্ষা করতে পাল্টা প্রস্তুতি নিচ্ছেন বিরোধী দলনেতাও। সব মিলিয়ে হেভিওয়েট নেতাদের এই লড়াইয়ে নন্দীগ্রামের রাজনৈতিক পারদ এখন তুঙ্গে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *