ঈদে মান্নাতের বারান্দায় অমিল শাহরুখ, ভক্তদের জন্য বিশেষ বার্তা কিং খানের

প্রতি বছর ঈদের সকালে মুম্বইয়ের ‘মান্নাত’-এর সামনে ভক্তদের উপচে পড়া ভিড় থাকলেও এবার কিছুটা ব্যতিক্রমী ছবি দেখা গেল। দীর্ঘক্ষণ অপেক্ষার পরও শাহরুখ খান চিরাচরিত প্রথায় বারান্দায় এসে অনুরাগীদে দেখা দেননি। প্রিয় তারকাকে এক ঝলক দেখার জন্য দূর-দূরান্ত থেকে আসা ভক্তদের মনে কিছুটা বিষণ্ণতার ছাপ দেখা দিলেও নিরাপত্তার কড়াকড়ি বা ব্যক্তিগত কারণে এবার প্রকাশ্যে আসেননি ‘বাদশা’।
সরাসরি দেখা না দিলেও সোশ্যাল মিডিয়ায় বিশেষ বার্তা ও ছবি পোস্ট করে ভক্তদের ঈদি দিয়েছেন শাহরুখ খান। সবুজ শেরওয়ানি ও কালো সালোয়ার পরা একটি ছবি শেয়ার করে তিনি সবার জন্য শান্তি ও সমৃদ্ধির প্রার্থনা করেন। কিং খানের এই পোস্ট মুহূর্তেই ভাইরাল হয়ে যায় এবং অনুরাগী মহলে ব্যাপক উন্মাদনা সৃষ্টি করে। ভক্তরা তাঁদের প্রিয় তারকার এই শুভেচ্ছাকেই বছরের সেরা উপহার হিসেবে গ্রহণ করেছেন।
বর্তমানে শাহরুখ খান তাঁর আগামী অ্যাকশনধর্মী চলচ্চিত্র ‘কিং’ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই ছবিতে সুহানা খান, অভিষেক বচ্চন ও দীপিকা পাড়ুকোনের মতো তারকাদের দেখা যাবে। রেড চিলিস এন্টারটেইনমেন্ট প্রযোজিত এই বহুল প্রতীক্ষিত সিনেমাটি ২০২৬ সালের বড়দিনের প্রাক্কালে মুক্তি পাওয়ার কথা রয়েছে। প্রিয় নায়কের নতুন লুক এবং ছবির কাস্টিং নিয়ে ইতিমধ্যেই দর্শকদের মধ্যে প্রবল কৌতূহল তৈরি হয়েছে।