জমি বিবাদে ছোট ভাইকে অ্যাসিড ছুড়ে কুপিয়ে খুনের চেষ্টা মেজো দাদার, বারুইপুরে রণক্ষেত্র পরিস্থিতি

বারুইপুরের যোগীবটতলা এলাকায় জমি সংক্রান্ত বিবাদের জেরে ছোট ভাই টোটন খানকে নৃশংসভাবে আক্রমণের অভিযোগ উঠল মেজো দাদা মমতাজ খান ও তার পরিবারের বিরুদ্ধে। শনিবার রাতে অভিযুক্তরা দলবল নিয়ে টোটনের ওপর চড়াও হয়ে প্রথমে চোখে অ্যাসিড ছোড়ে এবং পরে দা, শাবল ও রড দিয়ে এলোপাথাড়ি কোপায়। মুমূর্ষু অবস্থায় আক্রান্ত যুবককে প্রথমে বারুইপুর মহকুমা হাসপাতালে নেওয়া হলেও, অবস্থার অবনতি হওয়ায় রাতেই তাকে কলকাতার চিত্তরঞ্জন হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।
ঘটনার পর অভিযুক্ত মমতাজ ও তার পরিবার বাড়িতে লুকিয়ে পড়লে উত্তেজিত গ্রামবাসীরা তাদের আটকে রাখে। পরিস্থিতি সামাল দিতে বারুইপুর থানার আইসি-র নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছালে উত্তেজনা চরম আকার ধারণ করে। গ্রামবাসীরা অভিযুক্তদের পুলিশের হাত থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে লাঠিচার্জ করতে হয় এবং শেষ পর্যন্ত অভিযুক্তদের উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া সম্ভব হয়।
এই ঘটনায় টোটন খানের পরিবারের পক্ষ থেকে বারুইপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ দ্রুত পদক্ষেপ গ্রহণ করে এক নাবালকসহ মোট ছয়জনকে আটক করেছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিনের জমি বিবাদই এই রক্তক্ষয়ী সংঘর্ষের মূল কারণ। ঘটনার পর এলাকায় পুলিশি টহল বাড়ানো হয়েছে এবং ধৃতদের জিজ্ঞাসাবাদ করে মূল অপরাধীদের শনাক্ত করার প্রক্রিয়া শুরু করেছে প্রশাসন।