লক্ষ্মীর ভাণ্ডারের টাকা আর নিতে চান না? নাম কাটানোর সহজ উপায় জেনে নিন

রাজ্য সরকারের অন্যতম জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে যেমন চর্চা আছে, তেমনই মাঝেমধ্যে সামাজিক মাধ্যমে এই সুবিধা ত্যাগের দাবিও ওঠে। অনেকে রাগের বশে বা ব্যক্তিগত কারণে প্রকল্পের সুবিধা ভোগ করতে অনিচ্ছুক। কিন্তু টাকা নেওয়া বন্ধ করার বা নাম কাটানোর সঠিক পদ্ধতি অনেকেরই অজানা।
লক্ষ্মীর ভাণ্ডার থেকে নাম প্রত্যাহারের সরাসরি কোনো অনলাইন পোর্টাল বা সরকারি নির্দেশিকা এখনও সামনে না এলেও, অফলাইনে আবেদনের পথ খোলা রয়েছে। নাম কাটাতে ইচ্ছুক মহিলারা সরাসরি নিজেদের এলাকার বিডিও (BDO), এসডিও (SDO) অথবা মিউনিসিপ্যাল কর্পোরেশন অফিসে যোগাযোগ করতে পারেন।
একটি লিখিত আবেদনপত্রের মাধ্যমে নাম বাতিলের অনুরোধ জানাতে হবে। এই আবেদনের সঙ্গে আধার কার্ড, প্যান কার্ড এবং লক্ষ্মীর ভাণ্ডারের টাকা জমা পড়ে এমন ব্যাঙ্ক অ্যাকাউন্টের পাসবইয়ের প্রথম পাতার ফটোকপি জমা দেওয়া আবশ্যক। আবেদনে কেন নাম কাটাতে চাইছেন, সেই কারণটিও স্পষ্ট করা প্রয়োজন। সংশ্লিষ্ট দপ্তরে এই নথি জমা দিয়ে আবেদন গৃহীত হলে সরকারি পোর্টাল থেকে নাম মুছে ফেলা হবে এবং পরবর্তী মাস থেকে অ্যাকাউন্টে টাকা আসা বন্ধ হয়ে যাবে।
উল্লেখ্য, বর্তমানে এই প্রকল্পের আওতায় সাধারণ শ্রেণির মহিলারা ১৫০০ টাকা এবং তফশিলি জাতি ও উপজাতি ভুক্ত মহিলারা মাসে ১৭০০ টাকা করে সরকারি অনুদান পাচ্ছেন। তবে যারা এই সুবিধা ছাড়তে চান, তারা উপরোক্ত পদ্ধতিতে প্রশাসনিক স্তরে আবেদন করতে পারেন।