বরানগরে সজল-সায়ন্তিকার সমর্থকদের স্লোগান-যুদ্ধ, পরিস্থিতি নিয়ন্ত্রণে নামল ব়্যাফ

উত্তর ২৪ পরগনার বরানগরে নির্বাচনী হোর্ডিং ও ফ্লেক্স লাগানোকে কেন্দ্র করে তৃণমূল ও বিজেপি সমর্থকদের মধ্যে রণক্ষেত্র পরিস্থিতি তৈরি হয়েছে। গোপাল লাল ঠাকুর রোড এলাকায় প্রচার সামগ্রী সরানো নিয়ে শুরু হওয়া বচসা দ্রুত হাতাহাতিতে রূপ নেয়। দুই পক্ষই একে অপরের বিরুদ্ধে বহিরাগত এনে হামলার অভিযোগ তুলেছে। উত্তেজনা ছড়াতেই ঘটনাস্থলে উপস্থিত হন বরানগর বিধানসভার দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ও সজল ঘোষ।
দুই প্রার্থীর উপস্থিতিতে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়কে লক্ষ্য করে বিজেপি সমর্থকরা ‘গো ব্যাক’ স্লোগান দিলে পাল্টা প্রতিরোধ গড়ে তোলে তৃণমূল শিবির। সায়ন্তিকার দাবি, তাঁদের কর্মীদের ওপর হকি স্টিক দিয়ে হামলা চালানো হয়েছে। অন্যদিকে সজল ঘোষের অভিযোগ, তাঁদের পুরনো হোর্ডিং সরিয়ে তৃণমূল জোরপূর্বক নিজেদের প্রচার সামগ্রী লাগিয়েছে। এই স্লোগান-পাল্টা স্লোগানে এলাকায় চরম বিশৃঙ্খলা সৃষ্টি হয়।
মুহূর্তের মধ্যে সংঘর্ষের আশঙ্কা তৈরি হওয়ায় ঘটনাস্থলে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী ও ব়্যাফ (RAF)। বর্তমানে পুলিশি পাহারায় এলাকা থমথমে থাকলেও রাজনৈতিক উত্তেজনা কমেনি। নির্বাচনের মুখে প্রচারকে কেন্দ্র করে দুই যুযুধান শিবিরের এই সংঘাত স্থানীয় রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রশাসনের পক্ষ থেকে কড়া নজরদারি চালানো হচ্ছে।