শিয়ালদা ডিভিশনে রেলের বড়সড় সাফাই অভিযান, ৫০০ টনের বেশি বর্জ্য অপসারণ

শিয়ালদা ডিভিশনে রেলের বড়সড় সাফাই অভিযান, ৫০০ টনের বেশি বর্জ্য অপসারণ

পূর্ব রেলের এনভায়রনমেন্ট অ্যান্ড হাউসকিপিং ম্যানেজমেন্ট (EnHM) বিভাগের তত্ত্বাবধানে শিয়ালদা ডিভিশনের বিভিন্ন স্টেশনে গত কয়েক মাস ধরে এক ব্যাপক সাফাই অভিযান চালানো হয়েছে। রেল সূত্রে খবর, দীর্ঘদিনের জমে থাকা ‘ব্ল্যাক স্পট’ বা ময়লার ভাগাড়গুলি নির্মূল করতে ২৫,০০০ বর্গফুট এলাকা থেকে প্রায় ৫০০ টনের বেশি আবর্জনা পরিষ্কার করা হয়েছে। শনিবার এই অভিযানের সাফল্যের খতিয়ান প্রকাশ করেছে রেল কর্তৃপক্ষ।

রিপোর্ট অনুযায়ী, বর্জ্য অপসারণের তালিকায় শীর্ষে রয়েছে সন্তোষপুর ও বাঘাযতীন স্টেশন। এই দুটি স্টেশনের ৪,০০০ বর্গফুট এলাকা থেকে ১০০ টন করে আবর্জনা সরানো হয়েছে। এছাড়া শিয়ালদা স্টেশনে ৫০ টন এবং মগরাহাট, পাতিপুকুর ও টালাসহ একাধিক স্টেশনে বিপুল পরিমাণ বর্জ্য পরিষ্কার করা হয়েছে। টালিগঞ্জ স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্ম সংলগ্ন বাজারের আবর্জনাও সম্পূর্ণ স্যানিটাইজ করা হয়েছে।

পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক জানান, রেল চত্বরকে ডাস্টবিন হিসেবে ব্যবহার করা বন্ধ করাই এই অভিযানের মূল লক্ষ্য। স্থানীয় বিক্রেতা ও যাত্রীদের সচেতন করার পাশাপাশি স্টেশন চত্বরকে স্বাস্থ্যকর ও নান্দনিক করে তুলতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। রেলের এই সক্রিয় পদক্ষেপে শিয়ালদা ডিভিশনের শহরতলি রেল নেটওয়ার্কের ভোল বদলে গিয়েছে বলে দাবি কর্তৃপক্ষের।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *