আকাশছোঁয়া হতে পারে বিমান ভাড়া: কেন্দ্র তুলে নিল সর্বোচ্চ সীমার বিধিনিষেধ

পশ্চিম এশিয়ার উত্তপ্ত পরিস্থিতির জেরে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বাড়ায় ভারতের বিমান ভাড়াতেও বড়সড় পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী রাম মোহন নাইডু জানিয়েছেন, আন্তর্জাতিক বাজারে জ্বালানির মূল্যবৃদ্ধির প্রভাবে আগামী ১ এপ্রিল থেকে বিমান ভাড়া বাড়তে পারে। অ্যাভিয়েশন টারবাইন ফুয়েল বা এটিএফ-এর দাম প্রতি মাসের শুরুতে নির্ধারিত হওয়ায় এপ্রিল থেকেই যাত্রীদের পকেটে টান পড়ার সম্ভাবনা প্রবল। পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে বিদেশ, পেট্রোলিয়াম ও বিমান পরিবহণ মন্ত্রক।
একই সঙ্গে কেন্দ্র ঘোষণা করেছে যে, ২৩ মার্চ থেকে অভ্যন্তরীণ উড়ানে ভাড়ার ওপর থাকা অস্থায়ী সর্বোচ্চ সীমা তুলে নেওয়া হচ্ছে। গত ডিসেম্বরে ইন্ডিগোর পরিষেবা ব্যাহত হওয়ার পর যাত্রীদের স্বার্থে এই বিশেষ বিধিনিষেধ চালু করা হয়েছিল। এখন পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় এয়ারলাইন সংস্থাগুলি পুনরায় নিজেদের মতো করে ভাড়া নির্ধারণের স্বাধীনতা ফিরে পেল। এর ফলে জ্বালানি খরচের দোহাই দিয়ে এয়ার ইন্ডিয়া ও আকাসা এয়ারের মতো সংস্থাগুলি ইতিমধ্য়েই ফুয়েল সারচার্জ বাড়ানোর পথে হাঁটতে শুরু করেছে।
তবে আন্তর্জাতিক অস্থিরতা সত্ত্বেও পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী দেশবাসীকে আশ্বস্ত করে জানিয়েছেন যে, ভারতে পর্যাপ্ত পরিমাণে জ্বালানি মজুত রয়েছে। দেশের রিফাইনারিগুলি বর্তমানে পূর্ণ সক্ষমতায় স্বাভাবিকভাবে কাজ চালিয়ে যাচ্ছে। মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, বিমান সংস্থাগুলির সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করা হচ্ছে যাতে যাত্রী পরিষেবা ও নিরাপত্তা বজায় থাকে। আপাতত বিশ্ববাজারের পরিস্থিতির ওপর ভিত্তি করেই আগামী দিনে বিমান ভাড়ার গতিপ্রকৃতি নির্ধারিত হবে।