নাবালিকা অপহরণ করে কলকাতায় ঘরসংসার, ১১ বছর পর পুলিশের জালে অভিযুক্ত স্বামী

উত্তরপ্রদেশের গাজিয়াবাদ থেকে এক নাবালিকাকে অপহরণ করে কলকাতায় এনে বিয়ে ও সংসার পাতার অভিযোগে দীর্ঘ ১১ বছর পর গ্রেপ্তার হলেন রঞ্জিত সিং নামে এক ব্যক্তি। ২০১৫ সালে খোরা কলোনি থেকে ওই নাবালিকাকে অপহরণ ও যৌন নিগ্রহের অভিযোগে রঞ্জিতের বিরুদ্ধে পকসো আইনে মামলা দায়ের করেছিল মেয়েটির পরিবার। সম্প্রতি উত্তরপ্রদেশ পুলিশ মোবাইল লোকেশন ট্র্যাক করে কলকাতা পুলিশের সহায়তায় ট্যাংরা এলাকা থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করে।
দীর্ঘ এক দশকেরও বেশি সময় ধরে কলকাতায় আত্মগোপন করে থাকা রঞ্জিত ও ওই তরুণীর বর্তমানে একটি সন্তানও রয়েছে। পুলিশ ও আদালতের একাধিক সমন এড়িয়ে চলায় এবং বারবার নিজের অবস্থান সম্পর্কে ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত করার অভিযোগে তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল। অভিযুক্ত ব্যক্তি পুলিশকে জানিয়েছিলেন যে, তাঁর স্ত্রী এখন সাবালিকা এবং তাঁরা সুখে শান্তিতে ঘরসংসার করছেন।
গাজিয়াবাদ আদালত থেকে ট্রানজিট রিমান্ডের আবেদন জানিয়ে উত্তরপ্রদেশ পুলিশ ধৃতকে নিজেদের হেফাজতে নিয়েছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, পুরনো মামলাটি আইনিভাবে নিষ্পত্তি না হওয়ায় এবং আদালতের নির্দেশ অমান্য করায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে। বর্তমানে ধৃত রঞ্জিত সিংকে কলকাতা থেকে উত্তরপ্রদেশে নিয়ে যাওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।