ভোটে ‘আদি’ বনাম ‘নব্য’ দ্বন্দ্ব, টুম্পা কয়ালকে ঘিরে বিজেপির অন্দরে অস্বস্তি

আগামী বিধানসভা নির্বাচনের আগে প্রার্থী চয়ন এবং সাংগঠনিক রদবদল নিয়ে চরম অস্বস্তিতে পড়েছে বঙ্গ বিজেপি। বিশেষ করে আরজি করের নির্যাতিতার মায়ের পর এবার কামদুনির প্রতিবাদী মুখ টুম্পা কয়ালের গেরুয়া শিবিরে যোগদানের ইচ্ছা প্রকাশ ঘিরে দলের অন্দরেই ক্ষোভ দানা বাঁধছে। দীর্ঘদিনের পুরনো ও একনিষ্ঠ কর্মীদের বদলে বহিরাগত বা নবাগতদের বাড়তি গুরুত্ব দেওয়া নিয়ে শীর্ষ নেতৃত্বের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন দলের একাংশ।
শনিবার সল্টলেকের বিজেপি সদর দপ্তরে এসে রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের সঙ্গে দেখা করেন টুম্পা কয়াল। আন্দোলনের সুবিধার্থে একটি রাজনৈতিক ছাতার তলায় আসার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি। যদিও শমীক ভট্টাচার্য জানিয়েছেন, দলে যোগদানের একটি নির্দিষ্ট প্রক্রিয়া রয়েছে এবং দলের সম্মতির পরেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। তবে টুম্পার এই সম্ভাব্য যোগদান ঘিরে ইতিমধ্যে আদি বিজেপি নেতাদের মধ্যে ‘ব্রাত্য’ হওয়ার আশঙ্কা প্রবল হয়েছে।
এর আগে কামদুনির আরেক মুখ মৌসুমী কয়ালকে ঘিরেও জল্পনা তৈরি হলেও শেষ পর্যন্ত তাকে টিকিট দেওয়া হয়নি। এবার আরজি করের নির্যাতিতার মায়ের জলহাটি থেকে প্রার্থী হওয়ার প্রবল সম্ভাবনার মাঝে টুম্পার অন্তর্ভুক্তি দলের অভ্যন্তরীণ ফাটলকে আরও চওড়া করেছে। সংগঠনের নিচুতলার কর্মীদের অভিযোগ, বহিরাগতদের নিয়ে এই অতি-সক্রিয়তা আদতে দীর্ঘদিনের কর্মীদের মনোবল ভেঙে দিচ্ছে, যা ভোটের ফলাফলে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।