বীরভূমে ভোটের দামামা: আগামী সপ্তাহে ময়ূরেশ্বরে মমতার হাইভোল্টেজ জনসভা

বীরভূমে ভোটের দামামা: আগামী সপ্তাহে ময়ূরেশ্বরে মমতার হাইভোল্টেজ জনসভা

আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্যজুড়ে ঝোড়ো প্রচারে নামছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গেও প্রচারের রণকৌশল সাজিয়েছেন তিনি। আগামী ২৬ মার্চ, বৃহস্পতিবার বীরভূমের ময়ূরেশ্বর বিধানসভা কেন্দ্রে এক বিশাল জনসভার মাধ্যমে দক্ষিণবঙ্গে নির্বাচনী প্রচারের সূচনা করবেন মুখ্যমন্ত্রী। অনুব্রত-গড় বীরভূম থেকে এই প্রচার শুরু রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে বিশেষজ্ঞ মহল।

মুখ্যমন্ত্রীর এই সভাকে কেন্দ্র করে জেলা প্রশাসন ও রাজনৈতিক মহলে ব্যাপক তৎপরতা শুরু হয়েছে। প্রাথমিকভাবে কোটাসুর উচ্চ বিদ্যালয়ের মাঠ এবং লোকপাড়া কলেজ মাঠকে জনসভার জন্য চিহ্নিত করা হয়েছে। রবিবার পুলিশ ও প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা সভাস্থল দুটির নিরাপত্তা ও যাতায়াত ব্যবস্থা খতিয়ে দেখেন। তবে ভৌগোলিক অবস্থান ও উন্নত পরিকাঠামোর কারণে কোটাসুর মাঠটিই সভার জন্য চূড়ান্ত হওয়ার সম্ভাবনা প্রবল।

তৃণমূল কংগ্রেসের জেলা কোর কমিটির গুরুত্বপূর্ণ বৈঠকে সভার প্রস্তুতি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। ময়ূরেশ্বরের প্রার্থী অভিজিৎ রায় সভার আয়োজনে বিশেষ তদারকি করছেন। নির্বাচনের আগে দলীয় কর্মীদের মনোবল চাঙ্গা করতে এবং সংগঠনকে মজবুত করতে এই জনসভা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। মুখ্যমন্ত্রীর সফর ঘিরে ইতিমধ্যেই জেলা জুড়ে নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *