ছত্তিশগড়ে রোপওয়ে ছিঁড়ে ভয়াবহ দুর্ঘটনা: প্রাণ হারালেন যুবতী, আহত আরও ৭

ছত্তিশগড়ের মহাসমুন্দ জেলায় তীর্থভ্রমণে এসে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়লেন পুণ্যার্থীরা। রবিবার সকাল ১০টা নাগাদ খল্লারি মাতা মন্দির দর্শন করে ফেরার পথে আচমকা রোপওয়ের কেবল ছিঁড়ে একটি ট্রলি নিচে আছড়ে পড়ে। এই মর্মান্তিক ঘটনায় ঘটনাস্থলেই আয়ুসি সতকর নামে ২৮ বছর বয়সী এক যুবতীর মৃত্যু হয়েছে। ট্রলিতে থাকা অপর ৭ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন।
দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও উদ্ধারকারী দল। স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। অত উচ্চতা থেকে ট্রলিটি মাটিতে আছড়ে পড়ায় এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীদের মতে, কিছু বুঝে ওঠার আগেই যান্ত্রিক ত্রুটির কারণে দুর্ঘটনাটি ঘটে যায়।
পুলিশ ঘটনার প্রাথমিক তদন্ত শুরু করেছে। যান্ত্রিক গোলযোগ নাকি রক্ষণাবেক্ষণের গাফিলতিতে এই বিপর্যয়, তা খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে। তদন্তে কারও দোষ প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে প্রশাসন। বর্তমানে রোপওয়ে পরিষেবা বন্ধ রাখা হয়েছে এবং পুরো বিষয়টি বিশদভাবে খতিয়ে দেখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।