নিখোঁজ ইরানের সুপ্রিম লিডার মোজতবা খামেনেই: ক্ষমতার রাশ কি এখন রেভল্যুশনারি গার্ডের হাতে?

ইরান যুদ্ধের চতুর্থ সপ্তাহেও দেশটির নতুন সুপ্রিম লিডার মোজতবা খামেনেইয়ের জনসমক্ষে না আসা নিয়ে ঘনীভূত হচ্ছে রহস্য। ইসরায়েলি সংবাদমাধ্যম ‘জেরুজালেম পোস্ট’-এর দাবি অনুযায়ী, গত ২৮ ফেব্রুয়ারি পিতা আয়াতোল্লা আলি খামেনেইয়ের মৃত্যুর পর দায়িত্ব নিলেও মোজতবা বর্তমানে ক্ষমতাচ্যুত। গোয়েন্দা সূত্রগুলো বলছে, বর্তমানে ইরানের শাসনব্যবস্থা সম্পূর্ণভাবে পরিচালনা করছে দেশটির শক্তিশালী সামরিক বাহিনী ‘ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস’ (আইআরজিসি)।
অন্যদিকে, মোজতবার শারীরিক অবস্থা নিয়েও ছড়িয়েছে চাঞ্চল্যকর তথ্য। কুয়েতি সংবাদমাধ্যম আল-জারিদার প্রতিবেদন অনুসারে, ইসরায়েল ও আমেরিকার হামলায় মোজতবা গুরুতর আহত হয়েছেন এবং বর্তমানে তিনি রাশিয়ায় চিকিৎসাধীন। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ব্যক্তিগত উদ্যোগে তাকে উন্নত চিকিৎসার জন্য মস্কোতে সরিয়ে নেওয়ার প্রস্তাব দিয়েছিলেন বলে জানা গেছে। তবে ক্রেমলিন এই বিষয়ে কোনো সুনির্দিষ্ট মন্তব্য করতে রাজি হয়নি।
এদিকে মোজতবা গোপন ডেরা থেকে বার্তা পাঠালেও তিনি আদৌ ইরান শাসন করছেন কি না, তা নিয়ে সন্দিহান সিআইএ ও মোসাদ। নিরাপত্তা প্রধান আলি লারিজানির মৃত্যুর পর তেহরানের প্রশাসনিক নিয়ন্ত্রণ এখন পুরোপুরি আইআরজিসি-র হাতে বলেই ধারণা করা হচ্ছে। একদিকে ইজরায়েলি ও মার্কিন গোয়েন্দারা তাকে তন্ন তন্ন করে খুঁজছে, অন্যদিকে তার অবস্থান ও ক্ষমতা নিয়ে ধোঁয়াশা ইরানের রাজনৈতিক স্থিতিশীলতাকে বড়সড় প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে।