মোদির সভা থেকে ফেরার পথে বিহারে ‘গণপিটুনি’র শিকার বাংলার বিজেপি কর্মী

কলকাতায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনসভা থেকে ফেরার পথে বিহারে ভয়াবহ অভিজ্ঞতার সম্মুখীন হলেন আলিপুরদুয়ারের কুমারগ্রামের বাসিন্দা সোমনাথ বর্মন। পেশায় দিনমজুর এই বিজেপি কর্মী গত শনিবার ব্রিগেডের সভা শেষে বাড়ি ফেরার সময় ভুলবশত অন্য ট্রেনে উঠে কিষাণগঞ্জ স্টেশনে নেমে পড়েন। সেখানে তাঁকে ‘ছেলেধরা’ সন্দেহে স্থানীয়রা ঘিরে ধরে বেধড়ক মারধর করে বলে অভিযোগ।
গুরুতর আহত অবস্থায় বিহার পুলিশ তাঁকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করে এবং তিন দিন নিজেদের হেফাজতে রাখে। বৃহস্পতিবার আলিপুরদুয়ারের বাড়িতে ফিরে আসা সোমনাথের সারা শরীরে এখনও কালশিটে ও আঘাতের চিহ্ন স্পষ্ট। তিনি জানান, পুলিশের হস্তক্ষেপে প্রাণ বাঁচলেও সেই দুঃসহ আতঙ্ক তাঁকে তাড়া করে বেড়াচ্ছে। স্থানীয় এক বিজেপি নেতা তাঁর চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করেছেন।
এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে তীব্র চাপানউতোর শুরু হয়েছে। ভিনরাজ্যে বাঙালি হেনস্থার অভিযোগে সরব হয়েছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। অন্যদিকে, দলীয় কর্মীর ওপর এমন নৃশংস হামলার ঘটনায় স্থানীয় বিজেপি নেতৃত্বের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠলেও তারা এখনো নীরব। বিহার পুলিশ এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কী ব্যবস্থা নিয়েছে, তা নিয়ে ধোঁয়াশা বজায় রয়েছে।