দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস: উত্তরবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী প্রচার কর্মসূচি স্থগিত

দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস: উত্তরবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী প্রচার কর্মসূচি স্থগিত

উত্তরবঙ্গে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী প্রচারের শুরুতেই বাধা হয়ে দাঁড়ালো দুর্যোগপূর্ণ আবহাওয়া। আগামী ২৪ মার্চ, মঙ্গলবার আলিপুরদুয়ারের প্যারেড গ্রাউন্ড থেকে তাঁর আনুষ্ঠানিক প্রচার শুরুর কথা ছিল। আলিপুরদুয়ার ছাড়াও এদিন ময়নাগুড়ি ও মাটিগাড়াতেও জনসভার সূচি নির্ধারিত ছিল। তবে প্রতিকূল আবহাওয়ার কারণে মঙ্গলবার নেত্রীর এই সমস্ত কর্মসূচি আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন।

আলিপুরদুয়ারের পুলিশ সুপার অমিত কুমার সাউ এবং জেলা তৃণমূল চেয়ারম্যান গঙ্গাপ্রসাদ শর্মা এই খবর নিশ্চিত করেছেন। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, উত্তরবঙ্গে আগামী বুধবার পর্যন্ত ভারী বৃষ্টি ও ঝড় অব্যাহত থাকবে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই প্রাকৃতিক দুর্যোগের কারণেই মূলত মঙ্গলবারের জনসভাগুলি বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দলীয় সূত্রে জানানো হয়েছে।

তৃণমূল নেত্রীর এই প্রচার কর্মসূচির নতুন দিনক্ষণ এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। তবে প্রশাসনিক ও দলীয় সূত্রের খবর, পরিস্থিতির উন্নতি হলে ২৪ মার্চের পরিবর্তে ২৫ মার্চ থেকে তিনি আলিপুরদুয়ার থেকেই নির্বাচনী সফর শুরু করতে পারেন। বৃহস্পতিবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টি কমলে প্রচারের কাজে গতি আসবে বলে আশা করা হচ্ছে। আপাতত নেত্রীর পরবর্তী জনসভার চূড়ান্ত সময়সূচির অপেক্ষায় রয়েছেন স্থানীয় কর্মী-সমর্থকরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *